Mithun Chakraborty: মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী, শোকস্তব্ধ গোটা পরিবার
Mithun Chakraborty: প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী (Santirani Chakraborty)। মুম্বইতে ছেলে মিঠুনের সঙ্গেই থাকতেন তিনি। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। খবরে সত্যতা স্বীকার করেছেন মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ' ঠাকুমা আমাদের মধ্যে আর নেই'।
গত কয়েকবছর আগেই বাবাক বসন্ত কুমার চক্রবর্তীকে ( Basanta Kumar Chakraborty) হারান মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেই শোক এখনও ভুলতে পারেননি। আর এর মধ্যই মাতৃহারা হলেন অভিনেতা। জানা যাচ্ছে, দ্রুত মুম্বই পৌঁছছেন মিঠুন।

শুটিংয়ের কাজে তিনি ব্যস্ত ছিলেন বলে খবর। যদিও এই বিষয়ে কোনও স্পষ্ট জানা যায়নি। তবে মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেতা। শোকস্তব্ধ পরিবারের অন্যান্য সদস্যরাও। সম্ভবত মুম্বইতেই শান্তিরানি চক্রবর্তী শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।
মিঠুন চক্রবর্তীর জীবনের শুরুটা মোটেই সুখের ছিল না। জোড়াবাগান অঞ্চলে থাকতেন মিঠুন (Mithun Chakraborty)। বাবা-মা এবং চার ভাই-বোনের সঙ্গেই থাকতেন মিঠুন চক্রবর্তীও। খুব লড়াইয়ের মধ্যে দিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন। বাস্তবের জীবনের সঙ্গে চলেছে সংঘাত। তীব্র কষ্টের মধ্যে ছেলে-মেয়েদের বড় করেছেন মা শান্তিরানি চক্রবর্তী। যদিও আজ খ্যাতির শীর্ষে মিঠুন। দীর্ঘদিন আগেই মা শান্তিরানি দেবীকে মুম্বইতে নিয়ে যান ছেলে। তাঁর কাছেই থাকতেন।
ইতিমধ্যে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন কুণাল ঘোষ ( Kunal Ghosh)। সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বার্তাও। কুণাল লিখছেন, '' মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন''। যদিও এই মুহূর্তে প্রধান বিরোধী দলে রয়েছেন মিঠুন চক্রবর্তী। একে অপরকে সমালোচনা করতে ছাড়েন না। কিন্তু অভিনেতার শোকের দিনে তাঁর পাশে এভাবেই দাঁড়ালেন কুণাল ঘোষ।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতে কাজ করছেন মিঠুন চক্রবর্তী। ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো'তে ফের তাঁকে দেখা যাচ্ছে। সেই মঞ্চে গত কয়েকদিন আগে অভিনেতার জন্মদিন পালন হয়েছে। আবার বাবার মৃত্যুর যন্ত্রণার কথাও ওই শো'তেই স্মৃতিচারণার মাধ্যমে তুলে ধরেন 'মহাগুরু'। আর এর মধ্যেই অভিনেতার মায়ের মৃত্যুর খবর। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ অভিনেতার অসংখ্য অনুগামী।
ইতিমধ্যে অভিনেতার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে অনেকই শোকবার্তা জানাচ্ছেন।












Click it and Unblock the Notifications