সূর্যমুখী গ্রাম থেকে অস্কারের মঞ্চ! ২০২৫ সালে ভারতের অফিসিয়াল এন্ট্রি কিরণের 'লাপতা লেডিস'
অবশেষে কি সত্যি হতে চলেছে স্বপ্ন? মেগা বাজেটের মারকাটারি কাস্টিং সিনেমার রমরমায় কিছুটা পিছিয়ে থেকেই শুরু করেছিল এই ছবি। কিন্তু কথায় বলে লম্বা রেসের ঘোড়া, তাই আস্তে আস্তে জীন দেয়। এবার সেই প্রবাদই সত্যি হতে চলেছে কিরণ রাওয়ের 'লাপতা লেডিস'-এর ক্ষেত্রে।
অ্যাকশন, থ্রিলার, টাইম ট্রাভেল, হিস্টোরিক গল্প, আর হাজার কোটির ক্লাব, এইসব ছক থেকে সম্পূর্ণ আলাদা, এক রাশ খোলা হাওয়া নিয়ে এসেছিল কিরণের এই ছবি। নামী দামী সুপারস্টার নন, বরং আদ্যপ্রান্ত সোজাসাপ্টা তুলনামূলক আনকোরা মুখদের দুর্দান্ত অভিনয়ের ওভার বাউন্ডারিই মূলত লাপতা লেডিস-এর ইউএসপি।

আর এবার এই ছবিই নাকি হতে চলেছে অস্কারের মঞ্চে ভারতের মুখ। অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে কিরণ রাও নির্মিত লাপতা লেডিস। দেশের সেরা ছবিটিই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করার অনুমোদন পাবে যেই ছবিকে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া বাছাই করবে, এমনটাই জানিয়েছেন কিরণ। আর এবার বাস্তবেই তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে। রণবীর কাপুরের অ্যানিম্যাল, কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন, প্রভাসের কল্কি, ভিকি কৌশলের স্যাম বাহাদুর-এর মত মেগা প্রজেক্টকে পিছনে ফেলে ২০২৫ সালে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি লাপতা লেডিস।
নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, যদি এই ছবির পিলার হন, তাহলে লাপতা লেডিসের শক্ত ভীত নিঃসন্দেহে প্রখ্যাত অভিনেতা রবি কিশান। লাপাতা লেডিস দুই নববধূ এবং তাদের যাত্রাকে কেন্দ্র করে। বিপ্লব গোস্বামীর লেখা সূর্যমুখী গ্রামের দীপক, ফুল আর জয়ার এক অনবদ্য, সরল গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। এমনকি একবার তো আমির নিজেই বলেছিলেন, রবি নন, বরং তিনি নিজে এই চরিত্র করবেন বলে রীতিমত আবদার করে বসেছিলেন কিরণের কাছে। তবে লাপতা লেডিসে শ্যাম মনোহরের অনবদ্য কাল্ট অভিনয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রবি কিশানের অসামান্য অভিনয় দক্ষতা।
প্রথমে বক্স অফিসে তেমন একটা কামাল করতে পারেনি কিরণের এই সিনেমা। তবে গল্পের আসল টুইস্ট তখন হয় যখন ওটিটি-তে মুক্তি পায় এটি। দর্শক থেকে সমালোচক, সকলের দরাজ প্রশংসা পেয়েছিল ওটিটিতে মুক্তির পরে। কিরণ রাও নির্মিত এই সিনেমার প্রযোজক আমির খান। এবার লাপতা লেডিস অস্কারের মঞ্চ মাতাতে পারে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications