১৫ অগাস্ট মুক্তি পাবে একগুচ্ছ সিনেমা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে কোন ছবিগুলি? জেনে নিন
১৫ অগাস্ট। স্বাধীনতা দিবস। আর চলতি বছরের এই দিনটিকেই ছবি মু্ক্তির মোক্ষম সময় হিসাবে বেছে নিয়েছেন পরিচালক, প্রযোজকরা। এই বছরে ১৫ অগাস্ট ঠিক কতগুলি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, জানেন?
স্বাধীনতা দিবসের দিন হিন্দি, বাংলা মিলিয়ে বেশ কয়েকটি ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এমন এক গুরুত্বপূর্ণ দিনে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কপুর অভিনীত ছবি 'স্ত্রী ২'। ওইদিনই মুক্তি পাবে জন আব্রাহাম ও শর্বরী অভিনীত ছবি 'ভেদা'। আবার একইদিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও তাপসী পান্নু অভিনীত ছবি 'খেল খেল মে'। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে। কিন্তু সম্প্রতি ছবিটি মুক্তির দিন এগিয়ে এনে ১৫ অগাস্ট করা হয়েছে।

এদিকে, বাংলায় এখনও পর্যন্ত ১৫ অগাস্ট দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও চঞ্চল চৌধুরী অভিনীত ছবি 'পদাতিক' মুক্তি পাবে ওইদিন। মৃণাল সেন-এর জীবনী বড়পর্দায় 'পদাতিক'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মৃণাল সেন-এর ভূমিকায় এই ছবির প্রথম ঝলকেই দর্শকের নজর করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর বিপরীতে গীতা সেন-এর ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে। আগেই মুক্তি পেয়েছে পদাতিকের টিজার ও গান। এই ছবির গানে প্রথমবার এক সঙ্গে জুটি বাঁধছেন সোনু নিগম ও অরিজিৎ সিং।
ওই একইদিনে মুক্তি পাওয়ার কথা রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'বাবলি'র। প্রথমে ছবিটি ৩০ অগাস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেটি পরিবর্তিত হয়ে ১৫ অগাস্ট হয়। চলতি বছরে স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাবে আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'বাবলি'।
সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ অগাস্টই মুক্তি পাবে তিনটি হিন্দি ছবি এবং দুটি বাংলা ছবি। ফলে সবমিলিয়ে জমজমাট হতে চলেছে এবারের স্বাধীনতা দিবস। আর তাই ১৫ অগাস্টকে কেন্দ্র করে দেশবাসীর উন্মাদনা তুঙ্গে। শুধু বক্স অফিসে কোন সিনেমা কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications