লগে রহো মুন্নাভাই-র ১১ বছর পার; এই সিনেমার এখনও অনেক কিছু আপনি জানেন না
লগে রহো মুন্নাভাই মুক্তি পায় ২০০৬ সালে। সেখানেও মুন্না গুন্ডা হলেও তিনি গান্ধীগিরি করেন। মোট চারটি জাতীয় পুরস্কার পায় সিনেমাটি।
সঞ্জয় দত্ত অভিনীত মুন্নাভাই সিরিজের সবকটি সিনেমা সুপারহিট হয়েছে। প্রথম সিনেমাটি ছিল মুন্নাভাই এমবিবিএস। সেটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সেই সিনেমায় সঞ্জয় ওরফে মুন্না ছিলেন গুন্ডা যিনি নকল ডাক্তার সেজে ডাক্তারি করছিলেন। আর পরের সিকোয়েল লগে রহো মুন্নাভাই মুক্তি পায় ২০০৬ সালে। সেখানেও মুন্না গুন্ডা হলেও তিনি গান্ধীগিরি করেন। এই সিনেমাটিও বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বিখ্যাত সিনেমা। মোট চারটি জাতীয় পুরস্কার পায় সিনেমাটি। তবে এর পাশাপাশি এমন অনেক কিছু রয়েছে যে তথ্যগুলি এই সিনেমা নিয়ে আপনি জানেন না। একনজরে জেনে নেওয়া যাক সেগুলি।

আমির খানের ক্যামিও
আমির খানের এই সিনেমায় একটি ক্যামিও রোলে অভিনয় করার কথা ছিল। তবে সিনেমা শুরু হলে সেই রোলটি বাদ দিয়ে দেওয়া হয়। এমনকী এই সিনেমায় অভিনয়ের কথা ছিল সুনীল দত্তেরও। তবে তিনি ২০০৫ সালে সিনেমার শুটিং শুরুর আগে প্রয়াত হন।

সার্কিটের রোলে আর্শাদ ওয়ারসি
সিকোয়েল লগে রহো করার সময়ে আর্শাদ ওয়ারসি কীভাবে সার্কিটের ভূমিকায় অভিনয় করবেন তা ভুলে গিয়েছিলেন। কীভাবে সার্কিট কথা বলে, অঙ্গভঙ্গি করে, এসব মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। প্রথম দিনের শ্যুটিংয়ে কিছুতেই মনে করতে পারছিলেন না। তারপরে পরিচালক রাজকুমার হিরানি মুন্নাভাই এমবিবিসের একটি ভিডিও দিয়ে অনুশীলন করতে বললে পরে গিয়ে ফের সার্কিটের চরিত্র অভিনয় করেন আর্শাদ।

অনুষ্কা শর্মা
অনুষ্কা শর্মা ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে রব নে বনাদি জোড়ি সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২০০৬ সালে। অথচ রেডিও স্টেশনে অনুষ্কার ছবি রয়েছে। ফলে বোঝা যাচ্ছে সিনেমায় অভিনয় না করলেও অনুষ্কা তখন থেকেই বলিউডে পরিচিতি পেতে শুরু করে দিয়েছিলেন।

সিকোয়েলের বিষয়
মুন্নাভাই এমবিবিএস-এর পরে সিকোয়েল হওয়ার কথা ছিল আইনজীবীদের উপরে। ভারতীয় আইন নিয়ে ব্যঙ্গাত্মক স্ক্রিপ্ট লেখার কাজ চলছিল। তবে সিকোয়েলের স্ক্রিপ্ট নিয়ে খুশি ছিলেন না রাজু হিরানি। প্রায় দুবছর ধরে লেগে থেকে তিনি এই স্ক্রিপ্ট লেখেন যেখানে একজন গুন্ডার সঙ্গে মহাত্মা গান্ধীর অহিংস ভাবনার সংঘাত তৈরি হচ্ছে যা নিয়েই সিনেমা।

সিনেমার প্রথম টাইটেল
লগে রহো মুন্না ভাইয়ের প্রথম নাম হওয়ার কথা ছিল 'মুন্না ভাই এমএমজি- মিটস মহাত্মা গান্ধী'। তবে পরে রাজু হিরানি নাম বদলে লগে রহো মুন্নাভাই করে দেন।

মেক আপের জাদু
এই সিনেমায় মহাত্মা গান্ধীর চরিত্র অভিনয় করেন প্রখ্যাত মারাঠি অভিনেতা ও থিয়েটার ব্যক্তিত্ব দিলীপ প্রভাওয়ালকর। তিনি মেক আপ নিয়ে সামনে এলে সঞ্জয় দত্ত তাঁকে চিনতে পারেননি। এদিকে বোমান ইরানি যখন মেক আপ নিয়ে শ্যুটিং করতে যান তখন দর্শক তাঁকে চিনতে পারেননি।












Click it and Unblock the Notifications