কাকাবাবু ফিরে এলেন মহাসপ্তমীতে, এবার প্রসেনজিতের হাত ধরে

অটোগ্রাফ ও বাইশে শ্রাবণ-এর মত দুটি সুপারহিট ছবির পর সৃজিত-বুম্বা জুটি আবার একসঙ্গে মিশর রহস্য ছবিতে। কাকাবাবুর চিরাচরিত ম্যানারিজম বজায় রেখেই নতুন রূপে কাকাবাবুকে পর্দায় আনছেন সৃজিত। সন্তু ও কাকাবাবু বাঙালি পাঠকের মনে গেঁথে রয়েছে। তাই এই ছবি তৈরির ক্ষেত্রে যে একটুও ভুলচুকের জায়গা যে নেই তা ভাল করেই জানেন সৃজিত। আর সে কারণেই নীললোহিতের কাকাবাবুকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন পরিচালক।
ষাঠোর্ধ কাকাবাবু এছবিতে বেশ আধুনিক। সাদাকালো চুলের বদলে তাক লাগানো হেয়ারস্টাইলে অনবদ্য প্রসেনজিত। সন্তুর চরিত্রে দেবদান ভৌমিককে দর্শক পছন্দ করবেন বলেই আশা সৃজিতের।
২রা অক্টোবর এছবির মিউজিক রিলিজও হয়ে গিয়েছে সাড়ম্বরে। ছবিতে শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, অরিজিত সিং, রূপম ইসলাম, অনুপম রায়ের মতো নামি শিল্পীদের গান রয়েছে। প্রত্যেকটা গানেরই আলাদা আলাদা ফ্লেভার রয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবির সবকটা সিকোয়েন্সই শ্যুট করা হয়েছে আফ্রিকার দেশ মিশরে| বাংলা থ্রিলার ছবিতে এর আগে এমন ঝকঝকে লোকেশনের ব্যবহার হয়নি বলেই দাবি ছবির কলাকুশলীদের। রহস্যপ্রেমী বাঙালি দর্শকের কথা মাথায় রেখে ছবিতে বেশকিছু চমকও রাখা হয়েছে।
এর আগেও ছোট ও বড় পর্দায় সন্তু ও কাকাবাবুর উপন্যাস নিয়ে বেশকিছু কাজ হয়েছে। ধারাবাহিক ও ছায়াছবির পাশাপাশি অ্যানিমেশনেও কাকাবাবুকে দেখেছেন দর্শকরা। কিন্তু সেক্ষেত্রে সাফল্যের পরিসংখ্যান কিন্তু নিম্নমুখীই। সৃজিত কি পারবেন এই মিথ ভেঙে বেরিয়ে আসতে? মিশর রহস্য কি পারবে বাঙালি দর্শকের মনে দাগ কাটতে? সব প্রশ্নের উত্তর মিলেব মহাসপ্তমীতে।












Click it and Unblock the Notifications