রয়েছে সি–ফেস সহ লাক্সারি সুযোগ–সুবিধা, মুম্বইয়ে ৪৮ কোটি টাকা দামের ফ্ল্যাট কিনলেন মাধুরী দীক্ষিত
বলিউড তারকাদের সম্পত্তি কেনার আগ্রহ বরাবরই একটু উচ্চমাত্রায়। ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে শাহিদ-মীরা, দীপিকা-রণবীর সকলেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বা বাংলো ইতিমধ্যেই কিনে ফেলেছেন। সেই তালিকায় নতুনভাবে সংযোজন হল ন'য়ের দশকের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাম। সম্প্রতি ধক ধক গার্ল মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায় ৪৮ কোটি টাকা মূল্যের প্ল্যাট কিনেছেন। জানা গিয়েছে, এই মূল্যবান ফ্ল্যাটটি সি-ভিউ এবং ৫,৩৮৪ স্কোয়ার ফিট।

লোয়ার পারেল এলাকার বিলাসবহুল আবাসন চত্ত্বরের ৫৩ তলায় এই ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই সম্পত্তির নিবন্ধীকরণ হয়েছে এই বছরের ২৮ সেপ্টেম্বরে। জানা গিয়েছে যে লোয়ার প্যারেলের ইন্ডিয়াবুল ব্লু-তে এই ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এই ইন্ডিয়া ব্লু-এর ওয়েবসাইট অনুযায়ী, আবাসিক সম্পত্তিট্ দক্ষিণ মুম্বইয়ের ওরলিতে, যা ১০ একর জমির ওপর গড়ে উঠেছে এবং আরব সাগরের দারুণ দৃশ্য দেখা যাবে প্রত্যেকটি ফ্ল্যাট থেকে। শুধু তাই নয়, রয়েছে সুইমিং পুল, ফুটবল পিচ, জিম, স্পা, ক্লাব সহ একাধিক লাক্সারিয়াস সুযোগ-সুবিধা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, মাধুরী দীক্ষিত বিক্রেতা ক্যালিস ল্যান্ড ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সেপ্টেম্বরে এই ফ্ল্যাট কেনার চুক্তিতে সই করেন এবং স্ট্যাম্প ডিউটি হিসাবে অভিনেত্রীকে ২.৪ কোটি টাকা দিতে হয়েছে। ৫,৩৮৪ স্কোয়ার ফিট জুড়ে এই ফ্ল্যাটে রয়েছে সাতটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ৫৩ তলায় এই ফ্ল্যাট হওয়ায় মুম্বই শহরের এক আলাদা দৃশ্যই নজরে আসবে। এখানে উল্লেখ্য, মহারাষ্ট্রে যদি কোনও মহিলা বাড়ির ক্রেতা হন, তবে স্ট্যাম্প ডিউটিতে এক শতাংশ ছাড় দেওয়া হয়। তাই এই ফ্ল্যাট কেনার উপর মাধুরীকে এক শতাংশ ছাড় দিয়েছে রাজ্যের রাজস্ব দফতর।
১৯৯০ সালের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত দর্শকদের পরপর একাধিক পুরস্কার-জয়ী সিনেমা উপহার দিয়েছেন। শুধু অভিনয় নয়, মাধুরী পরিচিত তাঁর নাচের মাধ্যমেও। ১৯৯৯ সালে মাধুরী বিয়ে করেন ডাঃ শ্রীরাম নেনের সঙ্গে এবং আমেরিকায় চলে যান। কিছু বছর হল মাধুরী তাঁর পরিবার নিয়ে মুম্বই ফিরেছেন। ঝলক দিখলাজা ১০-এর বিচারকের ভূমিকা সহ মাধুরী এখন ব্যস্ত সিনেমা-সিরিজের কাজ নিয়েও। ৬ অক্টোবর মাধুরীর সাম্প্রতিক সিনেমা মাজা মা প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। তিন বছর আগে কলঙ্ক সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেছিলেন মাধুরী। অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গিয়েছিল দ্য ফেম গেম ওয়েব সিরিজে।












Click it and Unblock the Notifications