বক্সঅফিসে ব্যর্থ লাল সিং চাড্ডা, গভীরভাবে মর্মাহত আমির খান, জানালেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু
আমির খানের সিনেমা মানেই তা হিট হবে এটাই স্বাভাবিক। তাঁর পিকে থেকে শুরু করে দঙ্গল, থ্রি ইডিয়ট সব ছবিই সুপার-ডুপার হিট বক্স অফিসে। দঙ্গল তো ভারতের পাশাপাশি চিনের বাজারেও ভালো লাভ করেছে। কিন্তু ২০২২ সালটা সেভাবে পয়া সাল নয় মিস্টার পারফেকসনিস্টের জন্য। 'লাল সিং চাড্ডা' সমালোচকদের চোখে ভালো সিনেমা হলেও দর্শকদের নজরে তা বিষ।

'লাল সিং চাড্ডা' সিনেমাটি আমির খানের কেরিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষ একটি প্রজেক্ট, যা তৈরি করতে ১৫ বছরের বেশি সময় লেগেছে। অথচ এই সিনেমা মুক্তির পর থেকে বক্স অফিসে এর পারফর্ম্যান্স অত্যন্ত করুণ, যা দেখার পর স্বাভাবিকভাবেই অভিনেতা আমির খানের হৃদয় ভগ্ন হওয়ারই কথা। গত ১১ অগাস্ট মুক্তি পাওয়ার পর 'লাল সিং চাড্ডা' সেই ম্যাজিক তৈরি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মুক্তির দিন মাত্র ১২ কোটির সংগ্রহ, গত ১৩ বছরে আমির খানের সিনেমা এত খারাপ ফল করেনি।
প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা' মুক্তির আগে থেকেই এই সিনেমা বয়কট করার ট্রেন্ড শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। এখানে উল্লেখ্য, ২০২০ সালে তুরস্ক সফরের সময় আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিনের সঙ্গে দেখা করা নিয়ে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। আসলে কাশ্মীর নিয়ে একাধিক বার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোয়ানকে। এছাড়াও দিল্লি হিংসা নিয়েও মোদী সরকারকে নিশানা করতে দেখা গিয়েছিল তাঁকে। আর তারপরই আমির খানের এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে অভিনেতাকেও দোশদ্রোহী তকমা দেওয়া হয়। এখানেই শেষ নয়, দেশের অসহিষ্ণুতা প্রসঙ্গেও আমির খানের সোশ্যাল মিডিয়ায় করা পুরনো এক মন্তব্যকে ঘিরেও অভিনেতাকে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়। আর এই সবকিছুর সরাসরি প্রভাব পড়ে 'লাল সিং চাড্ডা'র ওপর, যে কারণে মুক্তির চারদিন পরও এই সিনেমা ৫০ কোটির গণ্ডীও পেরোতে পারেনি।
এক রিপোর্ট মারফৎ জানা গিয়েছে যে আমির খান এই ঘটনায় রীতিমতো হতচকিত। আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের এক ঘনিষ্ঠ বন্ধু এ প্রসঙ্গে বলেন, 'ফরেস্ট গাম্প-এর সম্ভাব্য রিমেক তৈরি করতে গিয়ে আমির সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। দর্শকদের এই প্রত্যাখান আমি খানকে নাড়িয়ে দিয়েছে।' তবে আমির খানের ভাগ্নী জায়ান মারি খান তাঁর সমর্থন দিয়েছেন এই ছবিটিকে এবং লাল সিং চাড্ডা সিনেমাকে বয়কট করতে বারণ করেছেন। জায়ানের পাশাপাশি আমির-কন্যা ইরা খানও বয়কট ট্রেন্ডের মধ্যেই এগিয়ে এসে এই সিনেমা দেখার অনুরোধ করেছেন সকলকে।
এর আগেই আমির খান টুইটারে লাল সিং চাড্ডা বয়কট ট্রেন্ড দেখে যে হতাশ হয়েছেন তা স্বীকার করেছেন। অভিনেতা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এই সিনেমা দেখার অনুরোধ করেন। আমির খানকে যখন এই ট্রেন্ডের বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন অভিনেতা জানান যে তিনি অত্যন্ত মর্মাহত। আমির খান সেই সময় বলেছিলেন, 'কিছু মানুষ এটা বলছে দেখে আমি দুঃখিত, তাঁরা মন থেকে এটা বিশ্বাস করেন যে আমি ভারতকে পছন্দ করি না। কিন্তু এটা সত্যি নয়। এটা খুব দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ সেটা বিশ্বাস করেন। দয়া করে এই সিনেমাটি বয়কট করবেন না। দয়া করে আমার সিনেমা দেখুন।'












Click it and Unblock the Notifications