মধ্যবিত্তের বেঁচে থাকার গল্প শোনাবে ‘সিটি অফ জ্যাকেলস’, মুক্তি পেল টিজার–পোস্টার
আবারও অন্য স্বাদের এক বাংলা সিনেমা আসতে চলেছে। যেখানে প্রাধান্য পেতে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা। সুজিত দত্তের পরিচালনায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'সিটি অফ জ্যাকেলস'। সম্প্রতি এই সিনেমার টিজার ও পোস্টার মুক্তি পেল শহরের এক রেস্তোরাঁ কলকাতা রাজবাড়িতে।

এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত ও সায়নী ঘোষকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দুই তারকা ও পরিচালক সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। টিজার দেখেই বোঝা যাবে যে এটা একেবাবে ছাপোষা মধ্যবিত্ত এক মানুষের গল্প। অভাবের সঙ্গে লড়াই করতে করতেই হঠাৎ একদিন একটি ঢাকা ভর্তি ব্যাগ খুঁজে পান ওই ব্যক্তি। যে টাকা রোজগারের জন্য তার প্রতিদিনের লড়াই চলছিল, হঠাৎই তার হাতে চলে আসে সেই টাকা। সেই সঙ্গে আসে নানান অশান্তি। গল্প মোড় নেয় অন্যদিকে।
সিনেমার মুখ্য অভিনেতা জয় সেনগুপ্ত তাঁর চরিত্র নিয়ে বলেন, 'ছবিটি খুব কম বাজেটের এবং অন্য স্বাদের। আমার চরিত্র এক কনস্ট্রাকশন সুপারভাইজারের। যাঁর কাছে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ, তাঁর হাতে চলে আসে প্রচুর টাকা। সে ওই অর্থ দিয়ে কি করে এবং তার জন্য কত ধরনের সমস্যা তাঁর জীবনে আসে, সেটাই দেখানো হবে।' টিজারে অভিনেত্রী সায়নীর চরিত্রটি সেভাবে দেখানো হয়নি। তবে তিনি জানান যে তাঁর চরিত্রটিতে চমক রয়েছে। এর সঙ্গে এও জানান যে ঘুম থেকে উঠে তিনি যদি কখনও এত টাকা পান তবে আবার ঘুমিয়ে পড়বেন।
পরিচালক সুজিত জানান, ছবিটি আসলে একটি ক্রাইম ড্রামা। রয়েছে টানটান থ্রিলার। অর্থ কিভাবে মানুষকে অন্ধকার জগতে টেনে নিয়ে যায় সে বাস্তব পরিস্থিতি কেমন হতে পারে তা এই ছবির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে। এই বছরের নভেম্বরেই এই সিনেমাটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications