‘ব্রহ্মাস্ত্র’–এর সাফল্যের মাঝে আলিয়া–রণবীরের ভালোবাসায় ভরা নতুন ছবি, ভাইরাল নিমিষে
আলিয়া ভাট ও রণবীর কাপুর এখন বি-টাউনের হটেস্ট কাপল। সম্প্রতি তাঁদের 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেয়েছে এবং তা দারুণভাবে দেশজুড়ে সাড়া ফেলেছে। সফলতার স্বাদ এখন উপভোগ করছেন আলিয়া-রণবীর উভয়ই। তারই মধ্যে রবিবার ছুটির দিন সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট রণবীর কাপুরের রোম্যান্টিক ছবি নেট দুনিয়ায় আগুন ধরিয়ে দিল।

রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রায় পাঁচবছর সম্পর্কে থাকার পর এ বছরের ১৪ এপ্রিল মুম্বইয়ে খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন। এরপর জুনেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের সন্তান আসার খবর ঘোষণা করেন। রণবীর ও আলিয়ার সোশ্যাল মিডিয়ায় ভক্তসংখ্যা নেহাত কম নয় এবং ভক্তরা অপেক্ষা করে থাকেন কবে তাঁরা একসঙ্গে ছবি পোস্ট করবেন। রবিবার আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামী রণবীর কাপুরের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন। আলিয়া সেই ছবির ক্যাপশনে লেখেন, 'হোম' (বাড়ি)। এর পাশাপাশি হৃদয়ের ইমোজিও দেন। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'তে রণবীর ও আলিয়া প্রথমবারের মতো জুটি বেঁধেছেন, আর দর্শকদেরও খুব পছন্দ হয়েছে এই জুটি। এই সিনেমার মূল ইউএসপি ছিল আলিয়া ভাট ও রণবীরের রসায়ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান যে রণবীর তাঁকে ছাড়া কিছুই করতে পারেন না। তাঁর কথায়, 'আমি যখন থাকি না তখন রণবীর শেষ মুহূর্তের জন্য সব কাজ ফেলে রাখে।' অন্যদিকে রণবীরও জানিয়েছেন যে তিনি স্ত্রী আলিয়া ভাটের উপর ভীষণ ভাবে নির্ভরশীল। হবু মা আলিয়া এই অবস্থাতেও ব্রহ্মাস্ত্রের প্রচারের কাজ চালিয়ে গিয়েছেন। তবে সঙ্গে অবশ্যই স্বামী রণবীর ছিলেন ছায়ার মতো। আপাতত অনাগত সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তবে সম্প্রতি বেশ কিছু বিতর্কের মুখে পড়তে হয়েছে রণবীর কাপুরকে। নেটিজেনদের বক্তব্য রড়বীর নাকি সঠিকভাবে আলিয়ার দিকে নজর দিচ্ছেন না। যদিও এ নিয়ে রণবীরের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রণবীর ও আলিয়ার হাতে রয়েছে দারুণ কিছু প্রজেক্ট। আলিয়াকে দেখা যাবে ফারহান আখতারের জি লে জরা সিনেমায়, যেখানে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন। এছাড়া রণবীর সিংয়ের সঙ্গে রকি অউর রানী কি প্রেম কাহানিতে দেখা যাবে অভিনেত্রীকে। হলিউডেও আত্মপ্রকাশ করবেন আলিয়া ভাট, তাঁকে হার্ট অফ স্টোন সিনেমায় জেমি ডর্নান ও গাল গ্যাডোটের সঙ্গে দেখা যাবে। অপরদিকে রণবীরকে দেখা যাবে অ্যানিমাল সিনেমায়, রশ্মিকা মন্দানার বিপরীতে। এছাড়া লভ রঞ্জনের পরবর্তী সিনেমাতেও অভিনয় করছেন অভিনেতা, বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।












Click it and Unblock the Notifications