শাকিরা–জেনিফার লোপেজের পর ফিফা ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন নোরা ফতেহি, গাইবেন হিন্দিতে গান
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে নিজের নাম জড়িয়ে যাওয়ার ফলে তিনি মনেই করেছিলেন হয়ত কেরিয়ার এখানেই থেমে যাবে তাঁর। কিন্তু সকলকে অবাক করে দিয়ে কেরিয়ারের সিঁড়ির আরও এক ধাপ চড়ে বসলেন বলিউড অভিনেত্রী ও ডান্সার নোরা ফতেহি। শাকিরা ও জেনিফার লোপেজের পর ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবেন নোরা ফতেহি। ভারতীয় হিসাবে নোরা প্রথম, যিনি ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবেন।

এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন এক ভারতীয় তারকা। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিওতে আত্মপ্রকাশ করবেন। ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা। সেখানে তাঁকে একই সঙ্গে গাইতে এবং ডান্স করতে দেখা যাবে। এই থিম গান প্রযোজনা করবেন রেড ওয়ান, যিনি আগে শাকিরার 'ওয়াকা ওয়াকা' ও 'লা লা লা'তে কাজ করেছেন। কেবল উদ্বোধনী সঙ্গীত নয়, শেষ গানও তিনিই গাইবেন। আশ্চর্যের ব্যাপার, হিন্দিতে! সেই কাণ্ডও ফিফার ইতিহাসে এই প্রথম।
নোরা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, 'ফিফা ওয়ার্ল্ড কাপের আনুষ্ঠানিক থিম ভিডিওতে অংশ নেব। তারিখটা মনে রেখে দিন।' প্রসঙ্গত, পেশাদার জীবনেও মাইলফলক গড়তে চলেছেন নোরা ফতেহি। নিউ ইয়র্কের অভিনেত্রী-গায়িকা জেনিফার, কলম্বিয়ার তারকা শাকিরার সঙ্গে এক সারিতে চলে এলেন তিনি। বিশ্বের দরবারে আরও এক বার উজ্জ্বল হল দেশের নাম।
কানাডার বাসিন্দা হলেও নোরা বহু বছর ধরেই ভারতে রয়েছেন। বিগ বস সহ একাধিক রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন নোরা। বলিউডে তাঁর আইটেম ডান্সগুলি দারুণভাবে জনপ্রিয়। বর্তমানে নোরা ফতেহি ধলক দিখলাজা ১০-এর বিচারকের ভূমিকায় রয়েছেন। সম্প্রতি নোরাকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মানিকে মাগে হিতে গানে দেখা গিয়েছে। এটি তাঁর আসন্ন সিনেমা থ্যাঙ্ক গড-এর। এখানে অজয় দেবগণ ও রাকুল প্রীত সিং রয়েছেন।












Click it and Unblock the Notifications