Lok Sabha Election 2024: তৃণমূলে ফের ‘সভাপতি’ পদে রদবদল! পিকের পরামর্শ অঙ্ক কষছেন মমতা
লোকসভা নির্বাচন ২০২৪-কে পাখির চোখ করে নতুন করে সাজিয়ে তোলা হতে পারে তৃণমূল কংগ্রেসকে। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে তৃণমূল কংগ্রেসে হতে পারে ফের রদবদল। জেলা সংগঠন ও সভাপতি পদে রদবদল করে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক দিতে পারেন লোকসভা নির্বাচনে।
লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে একাধিক জেলায় সভাপতি পদে রদবদল করতে পারে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ফলাফল ও জেলা সভাপতির সার্বিক পারফরম্যান্স বিচার করে রদবদলের সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক্ষেত্রে বড়ো ভূমিকা নিতে পারেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা াই প্যাক।

এই পরিস্থিতিতে কোন কোন সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হতে পারে, তার চুলচেরা বিশ্লেষণ চালানো হচ্ছে। প্রশান্ত কিশোরের সংস্থার পরামর্শও নেওয়া হচ্ছে এই রদবদলের আগে। এই রদবদলে যেমন দু-একটা সাংগঠনিক জেলার সংখ্যা বাড়তে পারে, বদল হতে পারে সভাপতিও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন সভাপতিদের নাম ঘোষণা করতে পারেন। তার আগে বিশ্লেষণ চলছে। কাদের পরিবর্তন করা জরুরি, কোন কোন জেলাকে ভেঙে বাড়তি জেলা করা দরকার, সবই আলাপ-আলোচনার মধ্য দিয়ে এগোচ্ছে। যে সমস্ত লোকসভা কেন্দ্রর সংগঠনে আরও জোর দেওয়া দরকার, সেই জেলাগুলিতেই বদলের সম্ভাবনা প্রবল।
তৃণমূলের সাংগঠনিক জেলার সংখ্যা ৩৫। প্রায় লোকসভা কেন্দ্রের ভৌগলিক অবস্থান ধরেই সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অন্য লোকসভা কেন্দ্রের এলাকাও রয়েছে সাংগঠনিক জেলায়। এখন সেই এলাকাগুলিকে আলাদা সাংগঠনিক জেলার আওতায় আনা হয় কি না সেটাই দেখার।

বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এমন কিছু কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে দুটি লোকসভা কেন্দ্র একটি সাংগঠনিক জেলার আওতায় রয়েছে। বীরভূমের ক্ষেত্রে দুটি লোকসভা কেন্দ্র এক সাংগঠনিক জেলায় এবং দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে চারটি লোকসভা কেন্দ্র দুটি সাংগঠনিক জেলার মধ্যে রয়েছে।
পূর্ব বর্ধমানের সাংগঠনিকে জেলাতেও বদল আসতে পারে। সেখানেও নতুন জেলা করা হতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর জেলার সাংগঠনিক পরিকাঠামোয় কিছু বদল এসেছে। সেইসঙ্গে একাধিক সাংগঠনিক জেলার সভাপতি একাধিক সময়ে বদল করা হয়েছে। এবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল। এবার লোকসভা নির্বাচনের আগে বিশেষ লক্ষ্য নিয়েই এই রদবদল হতে পারে।












Click it and Unblock the Notifications