আতঙ্কিত নয়, সাবধানে থাকুন! উত্তর প্রদেশের কোভিড পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করলেন যোগী আদিত্যনাথ
সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী ১০-১২ দিন সংক্রমণ বাড়লেও, তারপরে তা কমতে থাকবে। সে পরিস্থিতিতে উত্তর প্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন, রাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে।
বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি কথা বলেন, কোভিড নিয়ে গঠিত উপচেষ্টা কমিটি এবং রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। তিনি রাজ্যের ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলিকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, মে মাসে রাজ্যে পুরসভাগুলির নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রচার এবং ভোটদানের সময় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটকর্মীদের কোভিডের সুরক্ষা কীট সরবরাহ করতে হবে।
গত ২৪ ঘন্টায় সারা দেশে ১০,১৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবারের থেকে সংখ্যাটা প্রায় ৩০ শতাংশ বেশি। যা গত ২০০ দিনের মধ্যে সর্বোচ্চ। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪,৯৯৮ জন। তবে এর মধ্যে একটাই স্বস্তির খবর, আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাটা কম। এমন কী মৃত্যুর সংখ্যাটাও কম।

সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন আতঙ্কিত হবেন না, সতর্ক থাকতে হবে। বর্তমানে উত্তর প্রদেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৮০০-র বেশি। আগেকার অভিজ্ঞতাকে সামনে রেখে প্রত্যেক স্তরে সতর্ক থাকার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী।
যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্যস্তরের কোভিড উপদেষ্টা কমিটির রিপোর্টে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের থেকে বড় বিপদ হওয়ার সম্ভাবনা কম। তবে বয়স্ক এবং গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিড় এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালে মাস্ক বাধ্যতামূলক করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মিরাট, আগ্রা, বারাণসী, লক্ষ্মৌ, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদের জেলা প্রশাসনকে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সন্দেহজনক প্রতিটি রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রাজ্যের ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলিকে ফের সক্রিয় করার নির্দেশ তিনি দিয়েছেন।












Click it and Unblock the Notifications