সরকারি চাকরিতে 'জেনারেল' আসনেও হক রয়েছে SC/ST/OBC প্রার্থীদের! কীভাবে? রায় সুপ্রিম কোর্টের
সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করে জানাল যে, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অনগ্রসর শ্রেণি (OBC) এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির (EWS) কোনও প্রার্থী যদি জেনারেল ক্যাটাগরির কাট-অফের থেকে বেশি নম্বর পান, তাহলে তিনি জেনারেল ক্যাটাগরির শূন্যপদে নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবেন।

এই রায়কে সংরক্ষিত শ্রেণির মেধাবী প্রার্থীদের একটি বড় জয় বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে শীর্ষ আদালত এটাও নতুন করে স্পষ্ট করে দিল যে, জেনারেল ক্যাটাগরি আসলে কাদের জন্য।
রাজস্থান হাই কোর্টের একটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই নিয়োগে রাজস্থান হাই কোর্ট এমন একটি নিয়ম করেছিল, যেখানে বলা হয়েছিল যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা জেনারেল কাট-অফের থেকে বেশি নম্বর পেলেও জেনারেল শূন্যপদে নিয়োগ পাবেন না। হাই কোর্টের যুক্তি ছিল যে, এতে সংরক্ষিত প্রার্থীরা অনেক বড় সুবিধা পাবেন।
তবে সেই যুক্তি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জি মাসিহের বেঞ্চ খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ অনুসারে, মেধার ভিত্তিতে পাওয়া সুযোগকে কোনও ভাবেই আটকে রাখা যাবে না। ১৯৯২ সালের ঐতিহাসিক ইন্দ্রা সওহনি মামলার রায় উল্লেখ করে আদালত জানায় যে, জেনারেল বা ওপেন ক্যাটাগরি আসলে সবার জন্যই খোলা, কোনও নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়।
সুপ্রিম কোর্ট আরও জানায় যে, শুধুমাত্র সংরক্ষণের সুবিধা আছে বলেই কোনও যোগ্য SC, ST, OBC অথবা EWS প্রার্থীকে মেধার ভিত্তিতে জেনারেল আসন থেকে বাদ দেওয়া যাবে না।
এই নিয়ম নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে কার্যকর হবে, তাও স্পষ্ট করেছে আদালত। লিখিত পরীক্ষায় যদি কোনও সংরক্ষিত প্রার্থী জেনারেল কাট-অফের থেকে বেশি নম্বর পান, তবে ইন্টারভিউ পর্বে তাঁকে জেনারেল প্রার্থী হিসেবেই ধরা হবে। তবে চূড়ান্ত মেধাতালিকায় মোট নম্বর যদি জেনারেল কাট-অফের নিচে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি নিজের সংরক্ষিত শ্রেণির আওতাতেই থাকবেন এবং সংরক্ষণের সুবিধা পাবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই রায়ের ফলে ভবিষ্যতের সরকারি নিয়োগে মেধা এবং সংরক্ষণের ভারসাম্য আরও স্পষ্ট হল।












Click it and Unblock the Notifications