School Service Commission: টেট সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন! বড় পদক্ষেপ রাজ্যের
West Bengal School Service Commission: TET নিয়ে বড় পদক্ষেপ। এবার থেকে একবার টেট উত্তীর্ণ হলেই হবে। দ্বিতীয়বার আর টেট দেওয়ার প্রয়োজন হবে না। দীর্ঘ জল্পনা শেষে বড় সিদ্ধান্ত রাজ্যের। কেন্দ্রের নির্দেশ মানা নিয়ে একাধিক আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের সিদ্ধান্ত মানল সরকার।
এবার থেকে টেট সার্টিফিকেটের (TET) মেয়াদ থাকবে সারা জীবন। এমনটাও নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। আর এহেন সিদ্ধান্ত কয়েক হাজার টেট উত্তীর্নের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

টেট সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারাজীবন। ইতিমধ্যে আইনে সংশোধন করেছে এনসিটিই। আর এরপরেই এই বিষয়ে রাজ্যকে জানানো হয়। এমনকি নির্দেশিকা কার্যকর করা নিয়ে বারবার আবেদনও জানানো হয়। কিন্তু দীর্ঘদিন এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নবান্ন নেয়নি বলেই খবর।
অবশেষে এনসিটিইয়ের ( (TET) সিদ্ধান্ত মেনে নিল রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনকে ( School Service Commission) ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরের তরফে চিঠি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রের এই নির্দেশিকা মেনে নেওয়ার কথা বলা হয়েছে সেই চিঠিতে। আর এরপরেই স্কুল সার্ভিস কমিশনের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে টেট সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর।

ফলে টেট একবার উত্তীর্ন হলে সাত বছর পর ফের টেট দিতে হতো চাকরি প্রার্থীদের। কেন্দ্রের এহেন সিদ্ধান্ত মেনে নেওয়ার ফলে এবার থেকে আর এই পদ্ধতি থাকল না। টেট একবার পাশ করলেই তার মেয়াদ সারা জীবন থাকবে। আর এই সিদ্ধান্ত কার্যকর করায় কয়েক হাজার টেট উত্তীর্ন সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications