Bengal Police Recruitment: স্পোর্টস কোটায় নিয়োগ হবে বাংলার পুলিশেও! কীভাবে? বড় সিদ্ধান্ত নবান্নের
Bengal Police Recruitment: স্পোর্টস কোটায় এতদিন নিয়োগ হত না রাজ্য পুলিশে। ফলে রাজ্য পুলিশের কর্মীরা ক্রীড়া কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না। যা নিয়ে কিছুটা হলেও খারাপ লাগা ছিল রাজ্য পুলিশের কর্মীদের। যদিও সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আর তাতে মোট নিয়োগের ২ শতাংশ স্পোর্টস কোটা কিংবা সংরক্ষিত রাখা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যদিও এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা এখনও জারি করা হয়নি। তবে খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

প্রকাশিত খবরে আরও দাবি করা হয়েছে যে, একটা সময় অন্য রাজ্যে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিত বাংলার পুলিশ কর্মীরা। এজন্য প্রতি বছর খেলোয়াড় নেওয়া হতো। তবে তা নির্দিষ্ট সংখ্যায় নেওয়া হতো বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সেই সমস্ত খেলোড়াররা আসতেন ফুটবল, ভলিবল, হকি, বক্সিংসহ বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট থেকে।
যদিও বাম আমলে রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় নিয়োগ বন্ধ হয়ে যায়। তৎকালীন বাম সরকারের মধ্যবর্তী সময় থেকে এক্ষেত্রে নিয়োগ আর হতো না। ফলে ইভেন্টেও অংশ নিত না রাজ্য পুলিশ। ফলে দু-একটি স্পোর্টস বাদ দিলে বেশিরভাগই ইভেন্টে রাজ্য পুলিসে খেলোয়াড় নেই বললেই চলে। যারা ছিলেন তাঁদের বয়স হয়ে গিয়েছে।
ফলে কেউ অবসর নিয়েছেন কেউ আবার অনুশীলনের সঙ্গে আর যুক্ত নয়। এই অবস্থায় পুলিশের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। বিশেষ করে যখন অন্য রাজ্যের পুলিশ পদক যেতে কিংবা দেশের জার্সি চাপিয়ে খেলেন সেখানে বাংলার পুলিশের অবদান নেই বললেই চলে।
যদিও এই অবস্থার বদল ঘটাতে চান রাজ্য পুলিশের আধিকারিকরা। বাংলার পুলিশও যাতে বিভিন্ন খেলার ইভেন্ট অংশ নিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তাই স্পোর্টস কোটায় আলাদা নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো হয় নবান্নে। প্রস্তাবে উল্লেখ এই সিদ্ধান্ত গৃহীত হলে বেকার যুবক-যুবতীদের চাকরি হবে।
খেলাধুলোর সঙ্গে যুক্ত থেকেও যারা সরকারি চাকরি পাচ্ছিলেন না, তাঁরাও সুযোগ পাবেন। এবং বঞ্চনা কমবে বলেও পুলিশের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সরকারি উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়ও তুলে আনা যাবে।
ভবিষ্যতে জাতীয় স্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলা তথা দেশের প্রতিনিধিত্ব বাড়বে বলে জানানো হয়েছে। প্রস্তাবে নবান্নের আধিকারিকরা ইতিমধ্যে সবুজ সঙ্কেত দিয়েছে বলে খবর। বাকি এখন নির্দেশিকা জারির। আর এরপরেই নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে= তা ঠিক হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications