West Bengal TET 2023: তিনলাখেরও বেশি পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ রবিবার, জরুরি তথ্যগুলি এখনই জানুন
West Bengal TET 2023: রাত পোহালেই টেট পরীক্ষা বাংলায়! আগামীকাল রবিবার দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে। যা দুপুর আড়াইটে পর্যন্ত চলবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজ্যে ৩ লাখ ৯ হাজার ৫৪ জন পরীক্ষা দেবে। এদের মধ্য থেকেই যোগ্যদের বেছে নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
গত ১০ ডিসেম্বর এই টেট (West Bengal TET 2023) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়। পরীক্ষা সুষ্ট ভাবে করতে নজিরবিহীন ব্যবস্থা থাকছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্যে টেট পরীক্ষা হচ্ছে। প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে।

আর এই সমস্ত শূন্যপদেই এই নিয়োগ করা হবে। টেট পরীক্ষা (West Bengal TET 2023) নেওয়া হবে রাজ্যের মোট ৭৭৩টি কেন্দ্রে।যার মধ্যে কলকাতার পাঁচটি কেন্দ্র রয়েছে। শিক্ষক সহ একাধিক শূন্যপদে নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আর এহেন দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আর এর মধ্যেই বছর শেষে শিক্ষক নিয়োগের পরিক্ষা টেট (West Bengal TET 2023) নিচ্ছে পর্ষদ। ফলে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পর্ষদের তরফে। পুলিশ-প্রশাসনকেও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে স্বচ্ছ ভাবে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারেন এজন্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্যে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। যেমন পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে গেলে অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
তবে ক্যালকুলেটর থেকে ব্যাগ, টেবিল, কার্ড বোর্ডের জিনিস নেওয়া যাবে না। এমনকি মোবাইল ফোন, ব্লুটুথ হেডফোন, ইয়ারবার্ড কিংবা ইয়ারফোন, হাতে স্মার্ট ওয়াচ-হেলথ ব্যান্ড রাখা যাবে না। ঘড়ি, ক্যামেরা, টাকা রাখার ব্যাগ, রোদ চশমা, সোনার অলঙ্কারও পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন না। এমনটাই জানা গিয়েছে।
পরীক্ষার্থীদের জন্যে রবিবার সকাল থেকেই বিশেষ মেট্রো, বাড়তি ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাস্তায় যাতে বাড়তি বাস থাকে সেটিও নজরে রাখা হয়েছে। রবিবার ব্রিগেডে লাখ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠান আছে। ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন বলে একটা আশঙ্কা আছেই।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট উত্তীর্ণ (West Bengal TET 2023)হলেই চাকরি, তেমন ভাবা ঠিক নয়। নিয়োগের জন্যে এই প্রয়োজনীয় মাপকাঠি। অন্যদিকে টেট সার্টিফিকেট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে পর্ষদ। পর্ষদের তরফে সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications