অগ্নিবীর নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন! অনলাইন পরীক্ষা ও সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেনা আধিকারিকের
অগ্নিবীর নিয়োগে ওঠা প্রশেনের জবাব দিলেন এক শীর্ষ সেনা আধিকারিক। এদিন তিনি জানিয়েছেন, পরীক্ষার সিলেবাস কিংবা পরীক্ষার প্যাটার্নে কোনও পরিবর্তন করা হয়নি। অগ্নিবীর নিয়োগে স্ক্রিনিং-এর প্রথম স্তর হল অনলাইন কমন এন্ট্রান্স টেস্ট, জানিয়েছেন তিনি।

শুরুতেই হবে অনলাইন পরীক্ষা
ভারতীয় সেনাবাহিনীর নিয়োগের ডিরেক্টর জেনারেল, লেফটেন্ট্যান্ট জেনারেল এনএস সারনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, একাধিক কারণে শুরুতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবেদনকারীরা এখন প্রযুক্তিগতভাবে খুবই সচেতন। তা ছাড়া মোবাইল ফোন গ্রামের অনেক ভিতরে চলে গিয়েছে। এর ফলে প্রযুক্তি মানুষের হাতের মধ্যে চলে এসেছে।

নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন
সেনাবাহিনীর তরফে সাম্প্রতিক সময়ে অগ্নিবীর নিয়োগে পরিবর্তন আনার কথা জানানো হয়েছে। সেনাবাহিনীতে যাঁরা যোগদান করতে চান, তাঁদেরকে প্রথমে অনলাইন প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এরপর শারীরিক সুস্থতা ও মেডিক্যাল পরীক্ষা হবে। শুরুতে অবশ্য ফিটনেস পরীক্ষা নেওয়া হচ্ছিল, তারপর মেডিক্যাল এবং কমন এন্ট্রান্স টেস্ট নেওয়া হচ্ছিল। কমন এন্ট্রান্স টেস্ট ছিল একেবারে শেষের ধাপ।
লেফটেন্ট্যান্ট জেনারেল এনএস সারনা বলেছেন, প্রথমে অনলাইনে স্ক্রিনিং টেস্ট নেওয়ার বিষয়টি প্রযুক্তিগতভাবে সচেতন এবং শারীরিকভাবে উপযুক্ত যুবকদের নিয়োগে সাহায্য করবে। আগে স্ক্রিলিং-এর জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হত। আর শারীরিক পরীক্ষার জন্যও বহু সংখ্যক পরীক্ষার্থীকে অংশ নিতে হত। তবে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা শুরু হচ্ছে, তা সম্ভাব্য প্রার্থীদের জন্য যেমন ভাল হবে, ঠিক তেমনই প্রশাসনিক কাজ আরও সহজ হবে বলে জানিয়েছেন তিনি। তবে পরীক্ষার সিলেবাসে কোনও পরিবর্তন করা হচ্ছে না বলে আশ্বস্ত করা হয়েছে। আর অনলাইনে পরীক্ষাও আগের মতোই মাল্টিপল চয়েস টাইপের হবে।

জারি করা হয়েছে বিজ্ঞপ্তি
সেনাবাহিনীর তরফে সাম্প্রতিক সময়ে অগ্নিবীর এবং অন্য নিয়োগ পদ্ধতিতে পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহীদের নাম নথিভুক্তির জন্য https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx-এ আবেদন করতে হবে। অনলাইনে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে আবেদন করা যাবে। সেখানে আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মানদণ্ড এবং অন্য যোগ্যতা দিয়ে আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় দিতে হবে ২৫০ টাকা করে।

রয়েছে বোনাস পয়েন্ট
অন্যদিকে অনলাইন পরীক্ষার জন্য সারা দেশে ১৭৬ টি স্থান নির্দিষ্ট করেছে সেনাবাহিনী। আবেদনকারীরা তার মধ্যে থেকে পাঁচটি জায়গা বাছতে পারবেন। এর মধ্যে থেকে একটি জায়গা বরাদ্দ করা হবে অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য। আর আবেদনকারীদের মধ্যে যাঁরা দশম শ্রেণি পাশ কিংবা আইটিআই-এর দুবছরের কোর্স করেছেন কিংবা এনসিসির এ, বি কিংবা সি সার্টিফিকেট রয়েছে কিংবা যাঁদের ডিপ্লোমা রয়েছে তাঁদেরকে বোনাস পয়েন্ট দেওয়া হবে।












Click it and Unblock the Notifications