শুরুতেই কামাল, কোটি কোটি টাকার চাকরি বাগিয়ে নিচ্ছেন আইআইটিয়ানরা
আইআইটিতে প্লেসমেন্ট সিজন চালু হয়েছে এবং দেখা যাচ্ছে এই করোনাকালের মাঝেও অনেক বেশি চাকরি হচ্ছে। এবং যারা চাকরি পাচ্ছেন, তাদের আর্থিক প্যাকেজও গত বছরের তুলনায় অনেকটা বেশি। মাইক্রোসফট, অ্যামাজন, কোয়ালকম, বস্টন কন্সাল্টিং গ্রুপ, জেপি মরগান চেস, ম্যাককিনসে, গোল্ডম্যান স্যাকসের মতো কোম্পানি এবছর আইআইটিতে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়েছে।

গতবছরের মহামারীর মাঝে বিভিন্ন সংস্থা গুলি এবং আইআইটি গুলি অনলাইনে প্লেসমেন্টের ব্যবস্থা করেছিল। এ বছরও সেরকমই ব্যবস্থা রাখা হয়েছে। আইআইটি মাদ্রাজ জানিয়েছে, গত বছরের তুলনায় এবছর প্রথম দিনেই ৪৩ শতাংশ বেশি অফার তারা পেয়েছে। আইআইটি মান্ডি জানিয়েছে, তাদের ছাত্ররা ১৬ শতাংশ বেশি বেতনের অফার পেয়েছে। আইআইটি রুরকি এবং আইআইটি গুয়াহাটিতেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।
আইআইটি মাদ্রাজে ৩৪ টি কোম্পানি থেকে ১৭৬টি অফার এসেছে, যা গত অর্থবছরের থেকে ৪৩ শতাংশ বেশি। গত বছরের ২২ টি কোম্পানি থেকে ১৩০ টি অফার এসেছিল প্রথম দিনে। যে সমস্ত সংস্থা থেকে প্লেসমেন্টের জন্য যাওয়া হয়েছে সেগুলি হল - মাইক্রোসফট, বাজাজ অটো, গোল্ডম্যান স্যাকস, কোয়ালকম কনসাল্টিং ইত্যাদি। প্লেসমেন্ট প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এছাড়াও অন্যান্য আইআইটি গুলিতে গুগল, মাইক্রোসফট, স্যামসং, অ্যাডোব, ওয়ালমার্ট, স্প্রিংকলার, পেটিএম, অ্যামাজন, ফ্লিপকার্ট, মাইন্ডটিকল, টেক্সাস ইনস্ট্রমেন্টস, কোয়ালকম, ডেলয়েট, ক্যাপজেমিনি, কেপিএমজি, রিলায়েন্স জিও এবং আরও অনেক কোম্পানি প্লেসমেন্ট অফার নিয়ে হাজির হয়েছে।
আইআইটি রুরকিতে গত বছরের সর্বোচ্চ প্যাকেজ ছিল ৮০ লক্ষ টাকা। সেটা এবছর বেড়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা হয়েছে বলে আইআইটির তরফে জানানো হয়েছে। ১১ জন ছাত্র বার্ষিক এক কোটি টাকার বেশি বেতনের অফার পেয়েছেন। অন্যদিকে আইআইটি গুয়াহাটিতে প্রথম দিনেই ২০০টি চাকরির অফার এসেছে। গত বছর যা ছিল ১৫৮ টি।
সারাদেশে মোট ২৩ টি আইআইটি রয়েছে। যার মধ্যে আটটি আইআইটি দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে পড়ে। সেখান থেকে বেরিয়েই ছাত্রছাত্রীরা কোটি টাকার চাকরি বাগিয়ে নিতে সক্ষম হচ্ছেন।












Click it and Unblock the Notifications