মার্কিন মুলুকে ৯০০০ কর্মী ছাঁটাই আইবিএমের, ছাঁটাইয়ের জেরে শাপে বর হবে কি ভারতের?
মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএম চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৯,০০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে, যা ভারতের জন্য উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলতে পারে।
সেখানকার এক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছাঁটাই মূলত আইবিএমের বিভিন্ন বিভাগকে প্রভাবিত করবে, যার মধ্যে ক্লাউড ক্লাসিক ইউনিট অন্যতম।

যুক্তরাষ্ট্রে ছাঁটাই, ভারতে বৃদ্ধি?
অভ্যন্তরীণ সূত্র মারফত জানা গিয়েছে, আইবিএম ক্রমাগতভাবে ভারতে কর্মী স্থানান্তর করছে, এবং এই পদক্ষেপও তারই একটি অংশ। এক সূত্র জানিয়েছে, "তারা যতটা সম্ভব ভারতে পদ স্থানান্তর করার চেষ্টা করছে"। অন্য এক প্রাক্তন কর্মচারীও উল্লেখ করেছেন যে বর্তমানে ভারতে আইবিএমের নিয়োগের হার যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি।
এমনকি আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ আগেও প্রকাশ্যে বলেছেন যে প্রতিষ্ঠানটি ভারতে দক্ষ কর্মীদের নিয়োগে অগ্রাধিকার দিচ্ছে, কারণ এখানে প্রতিভার প্রাচুর্য এবং পরিচালনা ব্যয় তুলনামূলকভাবে কম। তাই এই এত মাত্রায় কর্মী ছাঁটাইয়ের পিছনে ভারত তত্ত্ব রয়েছে কিনা, তা জানতে চাইছেন অনেকেই।
ভারতে কর্মসংস্থানের সম্ভাবনা
বিশ্লেষকদের মতে, আইবিএমের এই পুনর্গঠনের ফলে ভারতের প্রযুক্তি কর্মীরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন, বিশেষ করে ক্লাউড, অবকাঠামো, বিক্রয় ও পরামর্শ খাতে দক্ষ পেশাদাররা আগে সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে। বর্তমানে বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে ও চেন্নাই-তে আইবিএমের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এই শহরগুলোতে নতুন নিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গ্লোবাল ডেলিভারি মডেলের প্রতি ঝোঁক
বিশ্বব্যাপী আইটি সংস্থাগুলি এখন "গ্লোবাল ডেলিভারি মডেল" অনুসরণ করছে, যেখানে ভারত মূল অপারেশন, উন্নয়ন, সহায়তা এবং ব্যাক-অফিস কার্যক্রম পরিচালনা করে চলেছে। আইবিএমের কর্মী পুনর্গঠনের ফলে বিশেষ করে এআই, ক্লাউড অবকাঠামো, হাইব্রিড ক্লাউড, সাইবার নিরাপত্তা ও এন্টারপ্রাইজ সিস্টেম-এ দক্ষ ভারতীয় পেশাদারদের চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কর্মীদের জন্য নেতিবাচক হলেও, ভারতের জন্য এটি বড় সুযোগ তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আগামী দিনে, আইবিএমের কোনও মূল কার্যালয় ভারত থেকেই পরিচালিত হয় কিনা, সেই বিষয়টিও ভাবাচ্ছে অনেককে। আর তেমনটা হলে ভারতে কর্মসংস্থানের ভাগ্য উজ্জ্বল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications