নতুন অর্থবর্ষে ৪২ হাজারের বেশি লোক নিয়োগ করবে টিসিএস, কারা পাবেন সুযোগ?
ভারতের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS ঘোষণা করেছে যে, তারা ২০২৬ অর্থবর্ষে ৪২,০০০ নতুন কর্মী নিয়োগ করবে। যদিও এই নিয়োগ পরিকল্পনা চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই গৃহীত হয়েছে। তবে মজুরি বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
টিসিএসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মিলিন্দ লাক্কাদ জানিয়েছেন, "আমরা অর্থবর্ষ ২০২৫-এ ৪২,০০০ প্রশিক্ষণার্থী নিয়োগ করেছি এবং অর্থবর্ষ ২০২৬-এও সংখ্যা একই রকম বা একটু বেশি থাকবে বলে আশা করছি"। তিনি বলেন, নিয়োগের সিদ্ধান্ত চলমান ব্যবসায়িক পরিবেশ ও দক্ষতার চাহিদার ওপর নির্ভরশীল।

চলতি অর্থবর্ষের চতুর্থ প্রান্তিকে টিসিএস ৬২৫ জন নতুন কর্মী নিয়োগ করেছে। ফলে অর্থবর্ষ ২০২৫-এর শেষে TCS-এর মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৬,০৭,৯৭৯ জন। আর এই সংখ্যাটা আগামী অর্থবর্ষে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
লাক্কাদ আরও বলেন, AI-এর অগ্রগতি TCS-এর নিয়োগকে প্রভাবিত করছে না, বরং AI চালিত ব্যবসায়িক প্রোগ্রামের জন্য আরও বেশি দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে, যা ভবিষ্যতে নিয়োগের নতুন দরজা খুলে দেবে। TCS শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক বাজার থেকেও প্রতিভা সংগ্রহের পরিকল্পনা করছে, বিশেষত প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।
২০২৫ অর্থবর্ষে চতুর্থ প্রান্তিকে অর্থাৎ ফোর্থ কোয়ার্টারে কর্মী ছাড়ের হার ১৩% থেকে বেড়ে ১৩.৩% হয়েছে। তবে, TCS-এর মতে, এই পরিবর্তন উদ্বেগের বিষয় নয়, কারণ বার্ষিক ছাড়ের হার ১৩০ বেসিস পয়েন্ট কমেছে।
মার্কিন শুল্ক এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা TCS-এর ব্যবসার উপর প্রভাব ফেলছে বলে জানিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধি এখনও স্থগিত রাখা হয়েছে, কারণ বাজারের মনোভাব এবং ব্যয় আচরণ এখনও স্থিতিশীল নয়। যদিও কিছু প্রকল্পের শুরুতে বিলম্ব দেখা যাচ্ছে। তবে কোম্পানি চলতি বছরের অর্ডার বুক দেখে আশাবাদী বলেই জানা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে AI এবং প্রযুক্তি পুনঃবিন্যাসের ফলে TCS-এর মত সংস্থাগুলির জন্য দক্ষতা নির্ভর নিয়োগ এবং পুনর্গঠন হবে ভবিষ্যতের মূল চাবিকাঠি। যেখানে অন্যান্য আইটি সেক্টর গুলিতে ছাঁটাইয়ের কথা সামনে আসছে, সেখানে টিসিএসের নিয়োগ প্রক্রিয়া বাড়তি অক্সিজেন জোগাচ্ছে তরুণ-তরুণীদের।












Click it and Unblock the Notifications