Mobile Pathshala: গ্রামের শিশুরাও পাবে স্মার্ট শিক্ষা! খুলে গেল 'মোবাইল পাঠশালা', কীভাবে কাজ করবে জানুন?
Mobile Pathshala: সময় বদলাচ্ছে! বদলাচ্ছে মানুষের ধ্যানধারণাও। আর এই সময়ের সঙ্গে পাল্লা দিয়েই শিক্ষা ব্যবস্থাতেও আমূল বদলের কথা বলা হচ্ছে। তৈরি হচ্ছে স্মার্ট ক্লাসরুম। ডিজিটাল পড়াশোনার উপর এখন অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। আর এর মধ্যেই বাঁকুড়ায় খুলে গেল অত্যাধুনিক সাজে সজ্জিত 'মোবাইল পাঠশালা'।
স্থানীয় সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের উদ্যোগে নয়া এই পাঠশালা (Mobile Pathshala) খোলা হয়েছে। একেবারেই নতুন ভাবনা এবং অত্যাধুনিক সাজে সজ্জিত এই 'মোবাইল পাঠশালা' 'স্কুল ছুটে'র পরিমান কমাবে বলেই দাবি কেন্দ্রীয়মন্ত্রী।

উল্লেখ্য, সাম্প্রতিক একাধিক সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুল ছুটের সংখ্যা ক্রমবর্দ্ধমান। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অনেকে রোজগারের আশায় বিভিন্ন ধরণের কাজে যোগ দিচ্ছে। এবার তাই স্কুল ছুট রুখতে কেন্দ্রীয় সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা 'সেবা ভারতী'র যৌথ উদ্যোগে এই বিশেষ মোবাইল পাঠশালার পথচলা শুরু বলে জানা গেছে।
Mobile Pathshala: কীভাবে কাজ করবে এই মোবাইল পাঠশালা?
স্থানীয় সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, মোবাইল পাঠশালায় (Mobile Pathshala) পড়ুয়াদের শুধু বই নয়, দৃশ্যশ্রাব্য মাধ্যমেও পাঠ দান করা হবে। এই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে ঘুরেই শিক্ষাদানের কাজ করবে। নয়া এই ব্যবস্থায় আধুনিক শিক্ষার পদ্ধতির সুবিধার্থে ভ্যানটিতে একটি স্মার্ট বোর্ড এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া রয়েছে।
ভ্যানটি (Mobile Pathshala) শিক্ষকদের সঙ্গে নিয়েই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে ভ্রমণ করবে এবং দরিদ্র শিক্ষা সম্প্রদায়ের অংশগুলির কাছে শেখার ফাঁক পূরণ করার একটি হাতিয়ার হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, অত্যাধুনিক এই মোবাইল পাঠশালা ভ্যানটি এডসিল (ইন্ডিয়া) লিমিটেড দিয়েছে এবং সেবা ভারতী, বাঁকুড়া দ্বারা পরিচালিত হবে বলেও জানিয়েছেন সুভাষ সরকার।
তাঁর দাবি, এই ব্যবস্থায় এলাকার গরীব ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। শনিবার বাঁকুড়ায় এই পাঠশালার সূচণা অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার ছাড়াও একাধিক ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই পাঠশালা আজ থেকেই এলাকায় ঘুরে ঘুরে কাজ করবে বলে জানা গিয়েছে।
সামনেই লোকসভা নির্বাচন। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ফের একবার কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্তমান সাংসদ সুভাষ সরকারকে প্রার্থী করেছে বিজেপি। ভোটের মুখে এলাকার সাংসদ তথা বিজেপি প্রার্থীর এই স্কুল নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications