Amazon Layoff: ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন! খরচ বাঁচাতে একগুচ্ছ নির্দেশিকা
Amazon Layoffs: উচ্চপদস্থ কর্মচারীদের বড় অংশের ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। খরচ বাঁচাতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে সূত্রের খবর। চলতি বছরের প্রথমার্ধের মধ্যেই প্রায় ১৪ হাজার উচ্চপদস্থ ম্যানেজার স্তরের কর্মীকে ছেঁটে ফেলা হবে বলে খবর। এর ফলে বার্ষিক ২.১ বিলিয়ন ডলারের বদলে ৩.৬ বিলিয়ন ডলার বাড়তি সঞ্চয় করতে পারবে সংস্থা। গোটা বিশ্বেই অ্যামাজনের ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে।
অ্যামাজনের জ্ঞাপন ও সাসটেনইবিলিটি ইউনিটে প্রচুর কর্মী ছাঁটাই করা হয়েছিল। কোম্পানির অন্দরের গঠনগত পুনর্বিন্যাসের জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল সংস্থা। আর এবার ম্যানেজার পদে কর্মরতদের ছাঁটাইয়ের ফলে ১ লক্ষ ৫ হাজার ৭৭০ থেকে সংস্থায় ম্যানেজার লেভেলের কর্মীর সংখ্যা এসে ঠেকবে ৯১ হাজার ৯৩৬-এ। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে ও সিদ্ধান্তহীনতা দূর করতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার সিইও অ্যান্ডি জ্যাসি।

জ্যাসি জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে ম্যানেজার ও অন্যান্য কর্মীদের অনুপাত ন্যূনতম ১৫ শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। সংস্থার অন্দরে আমলাতন্ত্র ও কাজের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে অ্যামাজন। মরগ্যান স্ট্যানলি রিপোর্টে অনুমান, খরচ বাঁচাতে পরের বছরের মধ্যে ১৩ হাজার ৮৩৪ টি ম্যানেজার পদে ছাঁটাই করবে সংস্থা।
খরচ বাঁচাতে কর্মীদের ফ্রি হ্যান্ড দিয়েছে অ্যামাজন। যেখানেই কাজে ফাঁকি দেখা যাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি তা জানাতে হবে। ম্যানেজারদেরও একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। সরাসরি রিপোর্ট প্রদান থেকে শুরু করে সিনিয়র পদে কম নিয়োগ ও বেতন কাঠামো পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। আরও লাভের মুখ দেখতেই এবার কোমর বেঁধে ঝাঁপাচ্ছে অ্যামাজন। ইতিমধ্যেই খরচ বাঁচাতে 'ট্রাই বিফোর ইউ বাই' উদ্যোগ বন্ধ করে দিয়েছে সংস্থা।
প্রসঙ্গত, করোনার আগে ২০১৯ সালে প্রায় ৮ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল অ্যামাজনে কর্মীর সংখ্যা। ২০২১ সালের শেষে আরও বেড়ে তা প্রায় ১৬ লক্ষে এসে দাঁড়ায়। এরপর একাধিকবার দফায় দফায় কর্মী ছাঁটাই করা হয়েছিল। ২০২২ ও ২০২৩ সালে সংস্থা থেকে ২৭ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল।












Click it and Unblock the Notifications