পার্টি কংগ্রেসে বঙ্গ সিপিএমের মাস্টারস্ট্রোক, সুযোগ পেয়েই ছক্কা হাঁকালেন ‘যুবনেতা’
এতদিন শুধু বয়স্ক নেতাদেরই তাত্ত্বিক ভাষণে ভরসা রেখেছিল বঙ্গ সিপিএম, এবার সেই চিরচরিত প্রথা থেকে বেরিয়ে এগিয়ে দেওয়া হল দলের তরুণ-তুর্কি ছাত্র নেতাকে।
এতদিন শুধু বয়স্ক নেতাদেরই তাত্ত্বিক ভাষণে ভরসা রেখেছিল বঙ্গ সিপিএম, এবার সেই চিরচরিত প্রথা থেকে বেরিয়ে এগিয়ে দেওয়া হল দলের তরুণ-তুর্কি ছাত্র নেতাকে। আর তিনি মঞ্চ পেয়েই ছক্কা হাঁকালেন। যে কথা তাত্ত্বিক নেতারা সর্বভারতীয় নেতৃত্বের কাছে বলতে গিয়ে হোঁচট খেতেন, সে কথা অবলীলায় উপস্থাপন করলেন ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য।

শালিত ভাষণে মুগ্ধ করলেন সিপিএম নেতৃত্বকে
সিপিএম সম্প্রতি তরুণ নেতৃত্বকে রাজ্যে তুলে এনেছে। প্রবীণরা জায়গা ছেড়ে দিয়ে নতুনদের বরণ করে নিয়েছেন পার্টি নেতৃত্বে। তেমনই এবার কেরলের কন্নুরে আয়োজিত পার্টি কংগ্রেসে বঙ্গ সিপিএমের যুব নেতাকে ভাষণের সুযোগ করে দেওয়া হল। আর সুযোগ হাতে পেয়ে তা দারুণ কাজে লাগালেন সুজন। তিনি তাঁর শালিত ভাষণে মুগ্ধ করলেন সিপিএম নেতৃত্বকে।

বঙ্গ সিপিএমের তরুণ ব্রিগেড সামনের সারিতে
পার্টি কংগ্রেসে সুজন ভাষণে তুলে ধরলেন রাজ্যের রাজনৈতিক মেরুকরণের প্রসঙ্গ। তৃণমূল ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে তিনি রাজ্যের সন্ত্রাসের চিত্র ব্যাখ্যা করেন সোজাসাপ্টা ভাবে। তিনি্ তাঁর জ্বালাময়ী ভাষণে এতটাই মুগ্ধ করেন যে তাঁকে এবারের পার্টি কংগ্রেসের আবিষ্কার বলা হচ্ছে। বঙ্গ সিপিএম যে নতুন নেতাদের সামনে এনেছে, এটা তার একটা ভালো দিক বলেই মনেই করছে রাজনৈতিক মহলের একাংশও।

সিপিএমের পুনরুত্থানের দিশারি
তিনি সুযোগকে লুফে নিয়ে তাঁর জ্বালাময়ী ভাষণে সিপিএমের ভবিষ্যৎ চলার পথ স্থির করে দিয়েছেন। সাফ জানিয়েছেন, কোন পথে হাঁটলে সিপিএম আবার ফেরার রাস্তা দেখতে পারে। সিপিএমের পুনরুত্থানের জন্য যে মাঠে নেমে কাজ করতে হবে, তা জানিয়ে দিয়েছেন সৃজন। সিপিএমে রাজ্যের নতুন মুখ হয়ে ওঠা তরুণরা যে সেই পথই নিয়েছেন, তাও স্পষ্ট করে দেন তাঁর ভাষণে।

সিপিএম দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে
সম্প্রতি বঙ্গ সিপিএম নেতৃত্ব রাজ্যের তরুণদের সামনের সারিতে নিয়ে আসেন। ২০২১ সালের ভোটের রাজ্যের ২৫ পেরনো নেতাদের প্রার্থী করে চমক দেয় সিপিএম। হয়তো আশানুরূপ সাফল্য তাঁরা আনতে পারেনি, কিন্তু সিপিএম দেখিয়ে দিয়েছে, তাঁদের ভবিষ্যৎ প্রজন্ম প্রস্তুত। তাঁরা আগামী দিনে পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর কোন পথে তাঁরা এগোবেন, সেই বার্তা এদিন পার্টি কংগ্রেস থেকে দিয়ে দিলেন সৃজন ভট্টাচার্য।

সিপিএমে নজর কেড়েছে বেশ কিছু নতুন মুখ
সম্প্রতি সিপিএমে নজর কেড়েছে বেশ কিছু নতুন মুখ। সেখানে যেমন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরা আছেন, তেমনই আছেন দীপ্তিসা ধর, সায়নদীপ মিত্র, ঐশী ঘোষরা। তাঁদের মধ্যে থেকেই এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এদিন সিপিএমের পার্টি কংগ্রেসের আসর মাতালেন। শুধু তৃণমূল বা বিজেপি নয়, তাঁর ভাষণে উঠে এল সংঘের প্রতি নিশানাও।

সেলিমের নেতৃত্বে নতুন সিপিএমকে দেখার অপেক্ষা
এখন দেখার সিপিএমের এই পার্টি কংগ্রেসে আর কোনও তরুণ নেতা বা নেত্রী ভাষণের সুযোগ পান কি না। সিপিএমের অন্দরে এখন টানাপোড়েন শুরু হয়েছে। তারা সৃজনের মতো তরুণ নেতাদের জ্বালাময়ী বক্তাদের সামনের সারিতে রাখবেন, নাকি তাত্ত্বিক নেতাদের দিয়েই বাংলার কথা উপস্থাপন করবেন পার্টি কংগ্রেস? তবে পরিস্থিতি বলছে, রাজ্যের সিপিএম এবার বদলাতে চলেছে। মহম্মদ সেলিমের নেতৃত্বে নতুন সিপিএমকে দেখা যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications