বিজেপিকে টেক্কা সিপিএমের, পঞ্চায়েতের আগেই তৃণমূল বিরোধিতায় লাল-ঝড় দেখল ধর্মতলা
বিজেপিকে টেক্কা সিপিএমের, পঞ্চায়েতের আগেই তৃণমূল বিরোধিতায় লাল-ঝড় দেখল ধর্মতলা
সাতদিন আগেই বিজেপি নবান্ন অভিযান করে শক্তি প্রদর্শন করেছে। তারপর ধর্মতলায় নিজেদের শক্তি দেখাল সিপিএম। পঞ্চায়েত নির্বাচনে আগে ভিড়ের লড়াইয়ে কিন্তু গেরুয়াকে টেক্কা দিল লাল। তবে কি সুদিন ফিরছে লাল পার্টির? আবার বাংলায় দাপট দেখাতে পারবে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। অন্তত ধর্মতলায় ইনসাফ সভার পর আশায় বুক বাঁধতে পারেন বামপন্থীরা।

অ্যাডভান্টেজ নিয়ে নিল সিপিএম
তৃণমূল যখন একের পর এক দুর্নীতিতে জর্জরিত, তখন তাঁদের বিরুদ্ধে আন্দোলনের ধ্বজা তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। ১৫ দিন ব্যাপী প্রস্তুতি নিয়ে গোটা রাজ্য থেকে তাঁরা সেদিন যে ভিড় আনতে সমর্থ হয়েছিল কলকাতা ও শহরতলির রাজপথে, তার থেকে অনেক বেশি ভিড় দেখিয়ে অ্যাডভান্টেজ নিয়ে নিল সিপিএম।

বিজেপির চাপ বাড়বেই এবার
আনিস খান থেকে শুরু করে সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু, বেকারত্ব এবং তৃণমূল সরকারের দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কলকাতার রাজপথে নেমেছিল বামেরা। হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল করে মানুষ ধর্মতলামুখী হয়েছে। লালে লাল হয়ে উঠেছে ধর্মতলা। কোনও প্রস্তুতি নেই সে অর্থে, নেই কোনও প্রচারও। তা সত্ত্বে বামেরা এদিন যে সমাবেশ করেছে, তাতে বিজেপির চাপ বাড়বেই।

অক্সিজেন জোগাল ‘ইনসাফ সভা’
এক সপ্তাহের মধ্যে দুই বিরোধী দল রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে তাঁদের শক্তি। বামেরা আক্ষরিক অর্থেই বিজেপিকে টেক্কা দিয়ে জানিয়ে দিয়েছে, সমর্থন বাড়ছে, মানুষ বুঝছে বামেরাই প্রকৃত বিকল্প। সে জন্যই ভিড় বাড়ছে তাদের সভায়। তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ বিজেপিকে মেনে নেয়নি ২০২১-এ। এখন তৃণমূলের দুর্নীতি যখন প্রকাশ্যে ধর্মতলার 'ইনসাফ সভা' বামেদের কামব্যাকে অক্সিজেন জোগাল।

আনিস-কাণ্ডকে আঁকড়ে বামেরা
বামেরা বিভিন্ন ইস্যুতে পথে নামতে শুরু করেছিল ২০২১-এ শূন্যে পৌঁছনোর পর। তারপর আনিস-কাণ্ডকে আঁকড়ে ধরে তাঁরা হারানো ভোট ব্যাঙ্ক উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁদের আওয়াজকে আরও জোরদার করতে শুরু করেছে। আনিসের সঙ্গে এবার তারা মিশিয়েছে সুদীপ্ত থেকে মইদুল, বেকারত্ব থেকে দুর্নীতি ইস্যুকে।

বিজেপিকে টপকে বিকল্প হওয়ার বার্তা
তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বাম নেতৃত্ব। তারা রাস্তায় নেমে প্রতিবাদের পন্থা নিয়েছে। শুধু সোশ্যাল মিডিয়ায় আঁকড়ে না থেকে সাথীদের পথে নামিয়েই বাজিমাত করতে চাইছেন তাঁরা। তাঁরা অক্সিজেন পেতে চাইছেন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেই। একইসঙ্গে বিজেপিকে টপকে তৃণমূলের বিকল্প হয়ে ওঠার বার্তা দিতে প্রস্তুত হচ্ছে বামেরা।

বামেদের কামব্যাকের স্বপ্ন দেখা শুরু
মঙ্গলবার সকাল থেকে যেভাবে ধর্মতলায় লাল পতাকার ঢেউ উঠল, তাতে আশাবাদী মহম্মদ সেলি্মরা। মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যের মতো তরুণ-তুর্কিরা লড়াইয়ের মন্ত্র্ পেল এই ইনসাফ সভা থেকে। আনিস খানের বাবাকে মঞ্চে হাজির করিয়ে তাঁরা একইসঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই জমিয়ে দিলেন। শুরু হল বামেদের কামব্যাকের স্বপ্ন দেখা।












Click it and Unblock the Notifications