আরবিআই মানিটারি পলিসি মিটিং: কী আশা করা যেতে পারে করোনা আবহে?
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কতটা প্রভাব ফেলবে ভারতে তা নিয়ে ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তার প্রভাব যে অর্থনৈতিক ক্ষেত্রে পড়বে বা ইতিমধ্যে পড়তে শুরু করেছে সেটাই লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বুধবার বৈঠকে বসতে চলেছে। মনে করা হচ্ছে ওমিক্রন আবহে রেপো রেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশতেই আটকে রাখবে আরবিআই।

মনে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী বছরের শুরুতে রিভার্স রেপো রেট বাড়াবে এবং তার পরের ত্রৈমাসিকে রেপো রেটও বাড়াবে। মুদ্রাস্ফীতির হার গত জুলাই থেকে খানিক নিয়ন্ত্রণে রয়েছে যা আরবিআইকে খানিক স্বস্তিতে রেখেছে তবে বাজারের যা অবস্থা তার ওপর ওমিক্রন আবহে নানা আশঙ্কা থেকেই যাচ্ছে।
আগে মনে করা হচ্ছে আরবিআই সম্ভবত রিভার্স রেপো রেট ডিসেম্বর ১৫-২০ বেসিস পয়েন্ট বাড়াবে। তবে সেই সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে। কারণ নতুন করোনা আবহে পরিস্থিতি কোনদিকে যায়, সেটা আঁচ করে তারপরই আরবিআই পদক্ষেপ করতে চাইছে।

সাম্প্রতিক সময়ে শাক-সবজির দাম অনেকটাই বেড়েছে। ফলে বাজার আগুন হয়ে রয়েছে। তাই আরবিআই মুদ্রাস্ফীতি নিয়ে যে ভবিষ্যদ্বাণী করে রেখেছে তার মধ্যে দাম ধরে রাখা অবশ্যই চ্যালেঞ্জের। তবে সবকিছু ঘুরে ফিরে সেই করোনায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট, ভ্যাকসিনের ডবল ডোজ, বুস্টার ডোজ, টিকার কার্যকারিতা এই সবকিছুই পর্যবেক্ষণে রয়েছে। সব তথ্য সঠিকভাবে যাচাই করার পরই সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নাহলে একটু ভুল বড় ক্ষতির মুখে ঠেলে দিতে পারে অর্থনৈতিক অবস্থাকে। এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন।












Click it and Unblock the Notifications