Union Budget 2024: আয়কর নিয়েও ঘোষণা! কর ছাড়ে কোথায় পরিবর্তন, কী বললেন নির্মলা সীতারমন
নিজের ষষ্ঠ ও মোদী সরকারের সরকারের দ্বিতীয় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন জানিয়েছেন গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় তিন গুণ বেড়েছে। দেশের মানুষের প্রকৃত আয় বেড়েছে বলে দাবি করেছেন তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আয়কর হারে কোনও পরিবর্তন করা হয়নি। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে। সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ লোকসভা ভোটের আগে আয়করে কোনও স্বস্তি মিলল না।

প্রসঙ্গত ২০২৩ সালের শেষ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মধ্যবিত্তদের লক্ষ্য করে ব্যক্তিগত আয়করের ওপরে বেশ কয়েকটি পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। সরকার ঘোষণা করেছিল, নতুন কর ব্যবস্থা ডিফল্ট ব্যবস্থা হবে। তবে করদাতারা পুরনো কর ব্যবস্থাও বেছে নিতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।
নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করা হয়েছে। এইভাবে যারা নতুন কর ব্যবস্থা বেছে নিয়েছেন, তাঁদের বার্ষিক সাত লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না।
পুরনো আয়করের স্ল্যাবে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নেই। ২.৫ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত কর পাঁচ শতাংশ। পাঁচ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর ২০ শতাংশ আর ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর ৩০ শতাংশ।
অন্যদিকে, নতুন কর ব্যবস্থায় তিন লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নেই। ৩-৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর। তবে ৮৭এ ধারার অধীনে ছাড় পাওয়া যাবে। ছয় থেকে নয় লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কর ১০ শতাংশ। তবে তা ৮৭এ ধারার এধিনে ৭ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
নয় থেকে বারো লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কর ১৫ শতাংশ আর ১২-১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কর ২০ শতাংশ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আয়কর ফেরতের গড় সময় ২০১৩-১৪ সালের ৯৩ দিন থেকে কমিয়ে গত বছরে মাত্র ১০ দিনে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
বাজেট অধিবেশন শুরু হয়েছে ৩১ জানুয়ারি। যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মে মাসের মধ্যে নতুন সরকার শপথ গ্রহণ করবে। তারপর জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে সরকার।












Click it and Unblock the Notifications