আদানির বিভিন্ন সংস্থায় SBI-র ঋণ প্রায় ২১ হাজার কোটির, দাবি রিপোর্টে! বহু কোটির ঋণ PNB-রও
এদিন শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ারে পতন অব্যাহত। এখন খোঁজ চলছে কোনও কোনও রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক ঠিক কত কোটির ঋণ আদানি গোষ্ঠীকে দিয়েছে। এসবিআই ছাড়াও পিএনবির সম্পর্কে জানা গিয়েছে।
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে একদিকে যেমন আদানির বিভিন্ন সংস্থার শেয়ার জামে রেকর্ড পতন হয়েছে, ঠিক তেমনই আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে আদানিকে ঋণদানকারি এসবিআই এবং এলআইসি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশের সব থেকে বড় সরকারি ঋণদানকারী ব্যাঙ্ক আদানিদের বিভিন্ন সংস্থাকে প্রায় ২১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে।

এসবিআই-এর অবস্থান
প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এসবিআই যে ঋণ আদানি গোষ্ঠীকে দিয়েছে, তার মধ্যে ২০০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে দেশের বাইরে থাকা শাখা থেকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এদিন এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ খাড়া বলেছেন, আদানি গোষ্ঠীকে ঋণ দিয়েছে এসবিআই। তবে বর্তমান পরিস্থিতিতে যে ঋণ তাদেরকে দেওয়া হয়েছে, তাতে এসবিআই-এর সামনে তাৎক্ষণিক কোনও চ্যালেঞ্জ তিনি দেখতে পাচ্ছেন না। এদিন বম্বে শেয়ার বাজারে এসবিআই-এর শেয়ারের দাম ছিল ৫২৭.৭৫ টাকার আশপাশে। গত সপ্তাহেই এসবিআই-এর চেয়ারম্যান বলেছিলেন, সাম্প্রতিক সময়ে আদানি গোষ্ঠী তাদের ব্যাঙ্ক থেকে কোনও ঋণ নেয়নি। আর আদানিদের এক্সপোজার নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।

হিন্ডেনবার্গের রিপোর্টের পরে মূলধন হ্রাস আদানি গ্রুপের
গত সপ্তাগে আদানি গোষ্ঠীকে নিয়ে মার্কিন সংস্থা হিন্ডেন বার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পরেই আদানি গ্রুপের বিভিন্ন শেয়ার ১০০ বিলিয়ন ডলারের বেশি পুঁজি হারিয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হয়েছে, আদানি গ্রুপের সাতটি কোম্পানির আকাশ-ছোঁয়া মূল্যায়নের কারণে দাম প্রায় ৮৫ শতাংশ পড়ে গিয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হয়েছে, আদানি গ্রুপের কোম্পানিগুলি অনেক ঋণ নিয়েছে। ঋণের মাধ্যমে শেয়ার বন্দক রাখা হয়েছে। যার ফলে সমগ্র গোষ্ঠীই আর্থিকভাবে অনিশ্চিত অবস্থানের মধ্যে রয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের খোঁজখবর
এর আগে অবশ্য প্রকাশিত খবর অনুযায়ী, জানা গিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলির কাছে জানতে চেয়েছে, তারা ঠিক কত টাকা আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে। সূত্রের আরও খবর, এক্ষেত্রে ঋণ ফেরতের ক্ষেত্রে জমানত হিসেবে কী রাখা রয়েছে এবং এব্যাপারে আর কোনও কিছু ব্যাঙ্কগুলির কাছে রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, গত সোমবার রাষ্ট্রয়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, আদানি গোষ্ঠীর সঙ্গে তাগের এক্সপোজার ৭ হাজার কোটি টাকার। এর মধ্যে ২৫০০ কোটি টাকা গিয়েছে আদানি এয়ারপোর্টে। যে কারণে তাদের এই মুহূর্তে কোনও উদ্বেগ নেই।

আদানির শেয়ার মূল্যের পতন অব্যাহত
বুধবার এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, আদানি গ্রুপের সঙ্গে ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের সরাসরি এক্সপোজার মাত্র ০.৬ শতাংশ। তবে এদিন আদানি গ্রুপের তরফে বাজার থেকে সম্প্রতি শেয়ারের মাধ্যমে তোলা ২০ হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করার পরেই আরও উদ্বেগ ছড়ায়। এদিনও আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। যা ২০২২-এর মার্চের পর থেকে সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। এছাড়াও এদিন আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, আদানি ট্রান্সমিশন শেয়ারের দামে বড় পতন হয়েছে।












Click it and Unblock the Notifications