Tajpur Port: তাজপুর বন্দর গড়তে আদানির সঙ্গে কথা, মিলল একাধিক মন্ত্রকের ছাড়
Tajpur Port: তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের সঙ্গে রয়েছে আদানি গোষ্ঠী (Adani)। ধোঁয়াশা কাটিয়ে বললেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। এমনকি প্রকল্পের কাজে ইতিমধ্যে গতি এসেছে বলেও জানিয়েছেন তিনি। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সংবাদমাধ্যমের প্রশ্নে শশী পাঁজা জানিয়েছেন, তাজপুরের গভীর সমুদ্র বন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিরাপত্তা সংক্রান্ত ছাড় দিয়েছে।
তবে বেশ কিছু শর্ত এবং পর্যবেক্ষণও রয়েছে। আর সেই সমস্ত বিষয় (Tajpur Port) নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, বিদেশ এবং জাহাজ মন্ত্রকের ছাড়পত্রও চলে এসেছে বলে ওই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী তাজপুর বন্দর (Tajpur Port) নিয়ে শিল্পপতিদের বার্তা দেন। আর তা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত শিল্পপতিদেরও দরপত্রে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। আর এরপরেই যাবতীয় জল্পনা শুরু। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্প থেকে আদানিরা সরয়ে দাঁড়িয়েছে। এই বন্দর গড়তে দরপত্রে সবথেকে বেশি দর হাঁকে আদানিরা। প্রায় ২৫ হাজার কোটি টাকা খরচ করবে আদানি।
ইতিমধ্যে তাজপুর বন্দর (Tajpur Port)নির্মাণের 'প্রভিশনাল লেটার অব ইনটেন্ট' আদানিদের দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তা গৌতম আদানির ছেলে গ্রহণ করেছিল। এরপর শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর আবেদন ঘিরে শুরু হয় যাবতীয় জল্পনা। যদিও সেই সমস্ত জল্পনা খারিজ করলেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। সম্প্রতি দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গ। আর সেখানেই সাংবাদিক বৈঠক করেন শশী পাঁজা।
আর সেই বৈঠকেই তাজপুরে আদানিতে বন্দর (Tajpur Port) গড়া নিয়ে জিজ্ঞেস করা হলে যাবতীয় জল্পনার অবসান ঘটান মন্ত্রী নিজে। স্পষ্ট জানিয়ে দেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের সঙ্গে কথা চলছে আদানি গোষ্ঠীর। ইতিমধ্যে লেটার অব ইনটেন্ট দেওয়া হয়েছে।
আর এরপরেই প্রতিরক্ষা, বিদেশ, জাহাজমন্ত্রক এবং প্রতিরক্ষামন্ত্রকের তরফে ছাড়পত্র চাওয়া হয়। ইতিমধ্যে শর্ত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশ, প্রতিরক্ষা, জাহাজমন্ত্রকের তরফেও ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের শর্ত এবং পরজবেক্ষণ নিয়ে আদানির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে বন্দর তৈরির কাজ কবে শুরু হবে তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications