শ্রমশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন, কীভাবে পাবেন মাসে ৫ হাজার টাকা? জেনে নিন সমস্ত খুঁটিনাটি
পশ্চিমবঙ্গ সরকার 'শ্রমশ্রী’ প্রকল্পের সূচনা করেছে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা দানই এর মূল উদ্দেশ্য। যে শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন, তাদের পাশে দাঁড়ানোই তৃণমূল কংগ্রেস সরকারের আসল লক্ষ্য। এর মাধ্যমে কেবল তাৎক্ষণিক আর্থিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাঁদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ খুঁজে পেতে সরকার সহায়তা করবে। তৃণমূল সরকার এখন সরাসরি পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা দেবে। রাজ্যে তাঁরা যাতে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে পারেন, তা দেখবে।

'শ্রমশ্রী’ প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে 'ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম, ২০২৩’-এর অধীনে নথিভুক্ত হওয়া। শুধুমাত্র যে শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা-মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে। কারণ সেটাই তাঁদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র।
নির্বাচিত শ্রমিকরা এই প্রকল্পের অধীনে এককালীন সহায়তা হিসেবে ৫ হাজার টাকা পাবেন। এছাড়া, রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত, অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনও কাজের ব্যবস্থা করছে, ততদিন পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া সহজ করতে সরকার অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতি চালু করেছে। শ্রমিকরা সরাসরি www.karmasathips.wblabour.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও চালু করার পরিকল্পনা রয়েছে। যেসব শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে, তাঁদের জন্য রাজ্য সরকার বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। সেখানে অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আর্থিক সহায়তা ছাড়াও, 'শ্রমশ্রী’ প্রকল্পের অধীনে শ্রমিকদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। 'উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, 'উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প’-এর অধীনে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ঋণের সুবিধা পাওয়া যাবে।
পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে।












Click it and Unblock the Notifications