SBI Alert: জাল বার্তা নিয়ে সতর্কতা জারি! কোন পথে যাবেন গ্রাহকরা, বাতলে দেওয়া হল উপায়ও
SBI Alert: দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তার ৫০ কোটি অ্যাকাউন্টধারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। ব্যাঙ্কের তরফে বলা হয়এছে, অনেক গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ করা সম্পর্কে ভুয়ো বার্তা পাচ্ছেন। এসবিআই-এর তরফে এমন বার্তা পাঠানো হয়নি বলেও জানানো হয়েছে।
এসবিআই-এর তরফে বলা হয়েছে, সব গ্রাহকদের এইসব জাল বার্তা থেকে সতর্ক হওয়া উচিত। এইসব বার্তায় কোনও উত্তর দেওয়া উচিত নয়। ভুয়ো বার্তায় উত্তর দিলে গ্রাহকরা প্রতারিত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে এসবিআই-এর তরফে।

উল্লেখ করা প্রয়োজন, গ্রাহকদের অ্যাকাউন্টে যেসব ভুয়ো বার্তা আসছে, তাতে লেখা থাকছে, প্রিয় এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার, আজ আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে। আপনার প্যানকার্ড নম্বর আুপডেট করতে পাঠানো লিঙ্কে ক্লিক করুন।
এসবিআই-এর তরফে গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য শেয়ার করতে পাঠানো ইমেল বার্তা এসএমএস মেসেজের উত্তর না দিতে বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে, যদি এই ধরনের কোনও বার্তা পান, তাহলে তা অবিলম্বে report.phishing@sbi.co.in-এ রিপোর্ট করতে হবে। এসবিআই-এর নির্দেশিকা অনুসারে কাউকে অ্যাকাউন্ট নম্বর, পাসোয়ার্ড, পিন কিংবা এটিএম কার্ডের সিভিভি নম্বর দেবেন না।
তথ্য আপডেট করার সময়, অ্যাকাউন্ট সক্রিয় করার সময়, কল করার সময় কেউ কোনও তথ্য চাইলে তাঁর বিরুদ্ধে অমিলম্বে রিপোর্ট করুন। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, গ্রাহক এব্যাপারে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-তে কল করতে পারেন। এছাড়াও https://cybercrime.gov.in/ এই ওয়েবসাইটেও অভিযোগ জানানো যেতে পারে।
সাধারণভাবেন যখন ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটে তখন বেশিরভাগ লোক কিছুই করে না। এব্যাপারে পুলিশেরও অনীহা রয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গ্রাহক পুরো টাকা ফেরত পেতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, গ্রাহক তাঁর ব্যাঙ্কে সাইবার জালিয়াতির বিষয়ে সময়মতো তথ্য দিয়ে ক্ষতি এড়াতে পারেন।
এক্ষেত্রে ব্যাঙ্কগুলো সাইবার জালিয়াতির জন্য বিমা পলিসি নেয়। গ্রাহকের সঙ্গে যে প্রতারণা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে বিমা কোম্পানিকে জানানো হয়। এরপর ব্যাঙ্ক বিমা কোম্পানির থেকে টাকা নেয় এবং গ্রাহককে দেয় ক্ষতিপূরণ হিসেবে।
এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, গ্রাহককে অবশ্যই তিন দিনের মধ্যে জালিয়াতির বিষয়ে ব্যাঙ্ককে জানাতে হবে। এখানে দেরি হলে ক্ষতিপূরণ পাওয়া কঠিন হয়ে যায়। আরবিআই-এর মতে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়া হলে ১০ দিনে মধ্যে টাকা ফেরত দেওয়া হয়। ৪ থেকে ৭ দিন পরে প্রতারণার কথা জানালে গ্রাহকের ২৫ হাজার টাকা পর্যন্ত লোকসান হতে পারে।












Click it and Unblock the Notifications