মুখ লুকোনোর জায়গা নেই! আরও নেমে লজ্জার রেকর্ড গড়ল টাকা
ডলারের সাপেক্ষে টাকার অধঃগতি বজায় রইল মঙ্গলবারও।
ডলারের সাপেক্ষে টাকার অধঃগতি বজায় রইল মঙ্গলবারও। এদিন আরও নেমে ১ ডলারের সাপেক্ষে টাকার দাম পৌঁছল ১ ডলারে ৭২.৯৭-এ। চিনা দ্রব্যের উপরে নতুন করে ট্যারিফ বসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ঘোষণার প্রভাব এসে পড়েছে টাকার দামের উপরে। সোমবার ৭২.৫১ টাকায় বাজার বন্ধ হওয়ার পরে এদিন তা আরও নেমে ৭২.৯৭-এ পৌঁছে গেল।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চিনের ২০০ বিলিয়ন ডলার পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ১০ শতাংশ হারে ট্যারিফ চাপাবে। পরে আরও ২৬৭ বিলিয়ন ডলারের পণ্যের উপরেও কর চাপতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে।
দেশীয় বাজারে মুদ্রাস্ফীতির হার কমিয়ে আনা গেলেও একদিকে তেলের দাম ও অন্যদিকে টাকার দাম বাড়া-কমায় বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে গত কয়েকদিনে টাকার দাম ১২.৫ শতাংশ তলানিতে নেমেছে। এর আগে কোনওদিন ডলারের প্রেক্ষিতে টাকার দাম এতটা কমেনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এর আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, টাকার দাম কমার পিছনে ভারতের হাত নেই। বাইরের দেশের সমস্যা মূলত আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধের ফলেই টাকার এই অবমূল্যায়ন বলে জেটলি দাবি করেন।












Click it and Unblock the Notifications