নোট বাতিলের আগেই গোলমালের আঁচ পেয়েই সতর্ক করেছিল আরবিআই, পাত্তা দেয়নি পিএনবি
২০১৬ সালেই গোলমালের আঁচ পেয়ে পিএনবি-কে সতর্ক করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, তা সত্ত্বেও ব্যাঙ্ক কর্তারা কর্ণপাত করেননি।
২০১৬ সালেই গোলমালের আঁচ পেয়ে পিএনবি-কে সতর্ক করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, তা সত্ত্বেও ব্যাঙ্ক কর্তারা কর্ণপাত করেননি। যার ফলে, এত বড় মাশুল দিতে হল বলে মনে করছে আরবিআই। জানানো হয়েছে, যে পরিকাঠামোর মাধ্যমে ব্যাঙ্কগুলি কাজ করছিল তার সন্দেহজনক ব্যবহার আন্দাজ করেই ২০১৬ সালের অগাস্টে আরবিআই সতর্ক করেছিল।

আরবিআই জানিয়েছে, নোট বাতিলের আগে মোট তিনটি ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্ল্যাটফর্মকে ব্যবহার করে গোলমাল করা হচ্ছে বলে আরবিআই বুঝতে পেরে সতর্ক করে।
পিএনবি-র মতো ব্যাঙ্ক যে পরিকাঠামো ব্যবহার করে তার পোশাকি নাম 'SWIFT'। এটি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। এটির কেউ অপব্যবহার করলে তা করতে পারে একমাত্র ব্যাঙ্কের কর্মীরাই।
ঘটনা হল পিএনবির ১১ হাজার ৩০০ কোটি টাকার কেলেঙ্কারি সামনে আসার পর কেন্দ্র আরবিআইয়ের কাছে জবাবদিহি চায়। নজরদারিতে কোনও খামতি ছিল কিনা তা জানতে চায়। নাহলে এতবছর কীভাবে গোলমাল সকলের নজর এড়িয়ে গিয়েছিল।
সেই সূত্রেই আরবিআই জানিয়েছে, সিস্টেমে গোলমালের খবর আগেই আঁচ পেয়ে জানানো হয়েছিল। তবে পিএনবি তাতে পাত্তা দেয়নি।
পিএনবি কেলেঙ্কারির পরে আরবিআই আরও সতর্ক হয়ে গিয়েছে। নজরদারিতে যাতে কোনও খামতি না থাকে সেজন্য ব্যাঙ্কগুলির জন্য বিধিবদ্ধ নির্দেশ জারি করা হচ্ছে। নজরদারি একদিকে যেমন চলবে, তেমনই ব্যাঙ্কগুলিকেও দায়িত্ব নিয়ে কোনও গোলমাল বা ঝুঁকির কথা আরবিআইকে জানাতে হবে। ব্যাঙ্কিং ব্যবস্থাকে মসৃণ করতে এমন নানা পদক্ষেপ আগামিদিনে আরবিআই নিতে চলেছে।












Click it and Unblock the Notifications