পিপিএফ-সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার! বাজেটের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার
দেশের বহু মানুষ সরকার নিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করে থাকেন। এর মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসির মতো স্বল্পসঞ্চয় প্রকল্প। তৃতীয় মোদী সরকার জুলাই থেকে সেপ্টেম্বর বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে পর্যালোচনা করছে। ৩০ জুনের মধ্যে এব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
এর আগে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সুদের হার একই রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এবার সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বস্তি দিতে পারে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হতে পারে।

ত্রৈমাসিক ভিত্তিতে সুদের হারের পর্যালোচনা
ত্রৈমাসিক ভিত্তিতে সরকার আরডি, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মহিলা সমৃদ্ধি সঞ্চয় শংসাপত্র, কিষাণ বিকাশ পত্র, এনএসসি এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো সঞ্চয় প্রকল্পের সুদ পর্যালোচনা করে থাকে।
এবার বাজেট পেশ হতে ২২ জুলাই। তার আগে স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধি করলে বাজেটের আগে তা মধ্যবিত্তদের জন্য বড় উপহার হবে। প্রসঙ্গত পিপিএফ-এ সুদের হার দীর্ঘদিন ধরেই বার্ষিক সুদ ৭.১ শতাংশে রয়েছে।
সুদের হার বৃদ্ধি সঞ্চয়ে উৎসাহিত করে
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যদি সরকার সুদের হার বৃদ্ধি করে, তাহলে তা সাধারণ মানুষকে আরও বেশি সঞ্চয় করতে উৎসাহিত করবে। সেক্ষেত্রে সরকারকেও বেশি সুদের বিষয়টি বিবেচনা করতে হবে। গত কয়েকবছর ধরে স্বল্প সঞ্চয়ে সুদের হার স্থিতিশীল রয়েছে। তবে সুদ বৃদ্ধির আগে সরকার অবশ্যই বিবেচনা করে দেখবে, বেশি সুদ সরকার বহন করতে পারবে কিনা।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, সরকার সুদের হার বেশি বাড়ালে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে সরকার ধীরে ধীরে সুদের হার বৃদ্ধি করতে পারে।
সাম্প্রতিক সময়ে সুদের হারে পরিবর্তন
উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে দুটি সঞ্চয় প্রকল্পের সুদের হারে পরিবর্তন করে। এর মধ্যে সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার আট শতাংশ থেকে বাড়িতে ৮.২০ শতাংশ করে এবং তিন বছরের এফডিতে সুদের হার বাড়িয়ে ৭.১ শতাংশ করে। কিন্তু পিপিএফ-এ সুদের হার গত চার বছর ধরে একই রয়েছে। পিপিএফে সুদের হারে শেষবার পরিবর্তন হয়েছিল ২০২০-র এপ্রিল-জুনে। করোনা মহামারীর সময় সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করাা হয়।
একনজরে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার
- পিপিএফে সুদের হার বার্ষিক ৭.১ শতাংশ।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ।
- সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার ৮.২ শতাংশ।
- এনএসসিতে সুদের হার ৭.৭ শতাংশ।
- পোস্ট অফিস মাসিক সঞ্চয় প্রকল্পে সুদের হার ৭.৪ শতাংশ।
- কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৫ শতাংশ।
- এক, দুই, তিন ও পাঁচ বছরের আমানতে সুদের হার যথাক্রমে ৬.৯, ৭, ৭.১ এবং ৭.৫ শতাংশ।
- পাঁচ বছরের আরডিতে সুদের হার ৬.৭ শতাংশ।












Click it and Unblock the Notifications