Post Office Scheme: পোস্ট অফিসের উল্লেখযোগ্য স্কিম! FD-তে ৭.৭% সুদ, ট্যাক্সও বাঁচবে
যাঁরা কষ্টার্জিত সঞ্চয় শান্তিতে বিনিয়োগ করতে চান, তাঁদের কাছে পোস্ট অফিস নিরাপদ জায়গা। যদি কেউ বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে পোস্ট অফিসের সেভিং স্কিম সঠিক বিকল্প হতে পারে। পোস্ট অফিসের স্কিমগুলির মধ্যে একটি হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এখানে সুদের সঙ্গে ট্যাক্স বাঁচানোর উপায়ও রয়েছে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল পোস্ট অফিসের সব থেকে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি। এখানে যেমন ভাল রিটার্ন পাওয়া যায়, ঠিক তেমনই কর ছাড়ের সুবিধাও রয়েছে। যে কারণে এখানে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। এই স্কিমে এখন সুদের হার ৭.৭ শতাংশ। এই স্কিমে সুদের হার চক্রবৃদ্ধির ভিত্তিতে দেওয়া হয়। এছাড়া বিনিয়োগের পাঁচ বছর পরে সুদ অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়।

সুদের হারের নিরিখে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যে কোনও ব্যাঙ্কের এফডির থেকে এগিয়ে রয়েছে। বেশিরভাগ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার সাত থেকে সাড়ে সাত শতাংশের মধ্যে। বলে রাখা ভাল প্রতি তিন মাস অন্তর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-সহ পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারের সংশোধন করা হয়। সরকার এখানে বিনিয়োগে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে।
এখানে দেওয়া সুদের হারের সম্পূর্ণ সুবিধা নিতে গেলে লক ইন পিরিওডে তা রাখতে হবে। তাহলেই পুরো সুদ পাওয়া যাবে। এনএসসিতে লক-ইন-পিরিওড পাঁচ বছরের। তবে কেউ যদি এই স্কিমে অ্যাকাউন্ট খোলেন এবং একবছর চালানোর পরে বন্ধ করে দেন, তাহলে শুধুমাত্র বিনিয়োগের পরিমাণ ফেরত দেওয়া হয়।
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৩-এর ১০ নভেম্বরের পরে চার বছর মেয়াদের আগে পাঁচ বছরের এফডি স্কিম ভাঙানো যায় না। পরিষ্কার করে বলতে গেলে পোস্ট অফিসের পাঁচ বছরের এফডি স্কিম সময়ের আগেই ভাঙানোর ক্ষেত্রে চার বছর মেয়াদের পরেই তা করা যায়।
এই স্কিমে বিনিয়োগে দ্বিতীয় বড় সুবিধা হল আয়কর আইনের ৮০ সি ধারায় ছাড়। এনএসসিতে বিনিয়োগ করে কোনও করদাতা কোনও একটি আর্থিক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
জাতীয় সঞ্চয় প্রকল্প বা এনএসসি স্কিমে নাবালকদের নামেও অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। নিয়ম অনুযায়ী, ১০ বছরের কম বয়সী শিশুর নামে খোলা অ্যাকাউন্ট বাবা কিংবা মায়ের দ্বারা পরিচালিত হয়। ১০ বছর পূর্ণ হওয়ার পরে ওই শিশু এটির নিয়ন্ত্রণ পেতে পারে। এই স্কিমে ন্যূনতম এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এর জন্য যেতে হবে পোস্ট অফিসে।












Click it and Unblock the Notifications