Post Office Scheme: পয়লা এপ্রিল থেকে পোস্ট অফিসের তিনটি স্কিমে বড় পরিবর্তন, বাড়তি সুবিধা একনজরে
পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়। বিভিন্ন বেসরকারি সংস্থা যাটোর্দ্ধদের সুবিধার নানা মোড়ক তুলে ধরলেও, পোস্ট অফিসে সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষকে বেশি রিটার্ন দেয়। এখানে কর ছাড়ের সুবিধার পাশাপাশি ঋণও পাওয়া যায়। সরকার সেই পোস্ট অফিসেই সুবিধা বাড়াতে তিনটি বড় পরিবর্তন করেছে।

বাজেটে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
২০২৩-২৪-এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, সরকার দুটি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পে কিছু পরিবর্তন করছে। পাশাপাশি নতুন একটি স্কিম শুরুর কথাও বলেছিলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে পরিবর্তনের কথা জানিয়েছিলেন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে ঘোষণার সময় জানিয়েছিলেন, ১ এপ্রিল থেকে বিনিয়োগকারীরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে দ্বিগুণ বিনিয়োগ করতে পারবেন। আগে বিনিয়োগের পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা। এখন তা বাড়িয়ে করা হচ্ছে ৩০ লক্ষ টাকা। প্রবীণ নাগরিক বিশেষ করা যাঁরা চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন, তাঁদের জন্য ২০০৪ সালে এই স্কিম চালু করা হয়েছিল। এই স্কিমে সুদের হার ৮ শতাংশ এবং সর্বনিম্ন হাজার টাকা জমা করা যায়। তবে এই স্কিমের অধীন প্রাপ্ত সুদ কর মুক্ত নয়।

মাসিক আয় প্রকল্প (MIS)
বাজেটে এমআইএস-এ বিনিয়োগের সীমা ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে নয় লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা। মাসিক আয় প্রকল্পের অধীনে বিনিয়োগকারীরা প্রতি মাসে সুদ পেয়ে থাকেন। এই মুহূর্তে এই স্কিমে সুদের হার ৭.১ শতাংশ।

মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প
এবারের বাজেটে ছিল মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পের কথা। ১ এপ্রিল থেকে এই স্কিম যাত্রা শুরু করছে। বিনিয়োগের পরিকল্পনায় মহিলাদের আরও বেশি করে যুক্ত করতে সরকার এই প্রকল্প শুরু করেছে। এই প্রকল্প কম সময়ে বেশি সুবিধা দেবে, দাবি সরকারি মহলের। এই স্কিমে কোনও মহিলা ২ বছরের জন্য ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে সুদের হার ৭.৫ শতাংশ।












Click it and Unblock the Notifications