Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ পর্যন্ত! সুদের ওপরে নেই টিডিএস
যখন ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ২.৭৫ শতাংশ থেকে ৩.৫০ শতাংশ সুদ অফার করে, সেই সময় বেশ কিছু ডিপোজিটরি স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগের ওপরে সাত শতাংশ কিংবা তার বেশি সুদ দেওয়া হয়। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম তার মধ্যে একটি। পোস্ট অফিসের অন্য স্কিমের মতো এটিও অর্থমন্ত্রক স্বীকৃত।
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম কম ঝুঁকিপূর্ণ এবং নির্দিষ্টআয়ের স্কিমগুলির মধ্যে একটি, যা বার্ষিক ৭.৪ শতাংশ সুদ অফার করে। এই স্কিমে বিনিয়োগকারী প্রতি মাসে টাকা জমা করতে পারেন। এই স্কিমে প্রতিমাসে সুদ দেওয়া হয়। এই স্কিমের উল্লেখযোগ্য বিষয় হল সুদের ওপরে কোনও টিডিএস কাটা হয় না। এটি নিরাপদ বিনিয়োগের অন্যতম বিকল্প।

এমআইএসের বৈশিষ্ট্য ও সুবিধা
- এটি একটি গ্যারান্টি স্কিম হওয়ায় মূলধন নিরাপদে থাকে এবং বিনিয়োগও ঝুঁকি মুক্ত।
- সামর্থ অনুযায়ী হাজার টাকার নামমাত্র বিনিয়োগ এবং এর গুণিতকে এমআইএস অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
- এমআইএসে একটি একক অ্যাকাউন্টে সর্বাধিক বিনিয়োগের সীমা নয় লক্ষ টাকা। যৌথ অ্যাকাউন্ট হলে, তার সীমা পনেরো লক্ষ টাকা।
- এই বিনিয়োগ আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে নয়।
- যদি কোনও বিনিয়োগকারী বসবাসের জন্য স্থান পরিবর্তন করেন, তাহলে এমআইএস অ্যাকাউন্টটি দেশের যে কোনও পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে।
- বিনিয়োগকারী কোনও একজনকে মনোনীত করতে পারেন, যাতে তার মৃত্যুর পরে সুবিধা ও তহবিল দাবি করতে পারেন।
মেয়াদ পূর্তি
- পোস্ট অফিসের এমআইএস অ্যাকাউন্টের সর্বাধিক লক-ইন পিরিয়ড পাঁচ বছর। ম্যাচিওর হওয়ার পরে বিনিয়োগকারী বিনিয়োগ করা অর্থ তুলে নিতে পারেন কিংবা পুনরায় বিনিয়োগ করতে পারেন।
- এই স্কিমের নিয়ম অনুসারে, বিনিয়োগকারী বিনিয়োগ শুরুর সময় থেকে এক বছরের মধ্যে কোনও টাকা তুলতে পারবেন না। যদি তিনি তা করতে চান, তাহলে জরিমানা ধার্য করা হয়।
- যদি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছরের মধ্যে তা বন্ধ করা হয়, তাহলে মূল পরিমাণ থেকে দুই শতাংশ কেটে নেওয়া হয়। আর পাঁচ বছরের আগে বন্ধ করা হলে এক শতাংশ কেটে নেওয়া হয়।
যোগ্যতা
- বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- অনাবাসী ভারতীয় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
- কোনও ভারতীয় দশ বছর বা তার বেশি বয়সের নাবালক সন্তানের জন্যও এমআইএস অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সেই শিশু ১৮ বছর পূর্ণ করার পরেই তহবিলের সুবিধা পেতে পারে।
প্রয়োজনীয় নথি
- পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা আধার নম্বরের মতো যে কোনও পরিচয় পত্রে একটি কপি।
- বিনিয়োগকারীর আবাসিক ঠিকানা হিসেবে বিদ্যুতের বিল, পুরসভার ট্যাক্সের বিল জমা দেওয়া যেতে পারে।
- পাসপোর্ট সাইজের ছবিও লাগবে।












Click it and Unblock the Notifications