নোটবাতিলের মতোই নয়া বিস্ফোরক ভাবনা কেন্দ্রের, ফের তুফান উঠতে পারে ভারতীয় অর্থনীতিতে
কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, নতুন পথে হেঁটে চেক বই তুলে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্র।
নগদহীন অর্থনীতির পথ প্রশস্ত করতে নোট বাতিলের পর নতুন পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, নতুন পথে হেঁটে চেক বই তুলে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্র।

এই পদক্ষেপও নোট বাতিলের মতোই বড় ঢেউ তুলবে ভারতীয় অর্থনীতিতে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সারা দেশে যত ব্যবসায়িক লেনদেন হয়, তার ৯৫ শতাংশই হয় নগদ অথবা চেক বইয়ের মাধ্যমে। ফলে চেক বাতিল করে দিলে তা অবশ্যই নতুন করে ভূকম্প তৈরি করতে পারে।
নোট বাতিলের পর থেকে মিশ্র ট্রেন্ড থাকলেও এক বছরের হিসাব দেখা গেলে আগের বছরের তুলনায় বহুগুণ বেড়েছে ডিজিটাল লেনদেন। সেই লেনদেনে গতি আনতে কেন্দ্র আরও অগ্রসর হতে চাইছে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যে কেন্দ্র ভীম অ্যাপ চালু করেছে ডিজিটাল পেমেন্টের জন্য। এর পাশাপাশি নগদহীন অর্থনীতিতে উৎসাহ দিতে নানা ছাড়েরও ঘোষণা করেছে। ভারতে চালু হওয়া প্রথম সিস্টেম ইউপিআইয়ের মাধ্যমে এক লহমায় ফান্ড ট্রান্সফার করা সম্ভব হচ্ছে।
এসব দেখেই কেন্দ্র আগামিদিনে চেক বইয়ের সুবিধা তুলে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছেন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের মহাসচিব। এমন হলে ক্রেডিট ও ডেবিট কার্ডেও নতুন সুবিধা দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications