নতুন মোদী জমানাতেও নীতি আয়োগের সিইও থাকছেন অমিতাভ কান্তই, মেয়াদ বাড়ল আরও দু'বছরের জন্য
নীতি আয়োগের প্রধান কার্যকরী আধিকারিক হিসেবে আরও দু'বছর মেয়াদ বাড়ল অমিতাভ কান্তের। এদিন কেন্দ্রের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি অমিতাভকে আগামী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত পদে থাকার মেয়াদ বাড়িয়েছে।

এই মাসের ৩০ তারিখ অমিতাভের নীতি আয়োগের সিইও হিসেবে মেয়াদ শেষ হতে চলেছিল। সেটাকে আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হল।
এর আগে এদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি র ও আইবির প্রধান পদে নতুন লোক নিয়োগের কথা ঘোষণা করেছে। এর পাশাপাশি নীতি আয়োগের প্রধান নিয়োগ করতেও দেরি করল না মোদী সরকার।
প্রসঙ্গত, সামন্ত গোয়েলকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র প্রধান পদে নিযুক্ত করা হয়েছে অরবিন্দ কুমারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিয়োগ কমিটির প্রধান। তাঁর পৌরহিত্যেই এই দুই পদে নিয়োগ হয়। সামন্ত ও অরবিন্দ দুজনেই ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস অফিসার। সামন্ত পাঞ্জাব ক্যাডারের অফিসার ও অরবিন্দ অসম-মেঘালয় ক্যাডারের অফিসার।












Click it and Unblock the Notifications