জিএসটিতে বিরাট সংস্কারের অনুমোদন, বিলুপ্ত হচ্ছে দুটি স্ল্যাব, আর কী বদল আসছে?
জিএসটি কাউন্সিল করের হারে বদলের অনুমোদন দিয়েছে। যার ফলে এখন দুটি স্ট্যান্ডার্ড স্ল্যাব -৫% এবং ১৮% কার্যকর হবে। ১২ শতাংশ ও ২৮ শতাংশের যে স্ল্যাব তা উঠে যেতে চলেছে। পাশাপাশি ৪০ শতাংশের একটি নতুন করের ধাপ বা স্ল্যাব যুক্ত হবে। এক্ষেত্রে "সিন গুডস" বা ক্ষতিকারক পণ্যের জন্য এই বিশেষ ৪০% করের হার চালু করা হচ্ছে।
উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না জানিয়েছেন, জিএসটি কাউন্সিল ১২% এবং ২৮% স্ল্যাব দুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বেশিরভাগ পণ্য এখন ৫% এবং ১৮% ক্যাটেগরির অন্তর্ভুক্ত হবে। এই পরিবর্তনগুলি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে কর সংক্রান্ত সর্বোচ্চ প্যানেলের এই দুদিনের বৈঠকটি ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হবে। জিএসটি কাঠামো সরলীকরণের প্রস্তাবটি বর্তমান জিএসটি কাউন্সিলের বৈঠকে অনুমোদিত হলে, সম্ভাব্য রাজস্ব ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে আটটি বিরোধী- দল শাসিত রাজ্য।
এই রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটক। বৈঠকের পর ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রাধা কৃষ্ণ কিশোর বলেন, "আমরা অতিরিক্ত করের দাবি জানিয়েছি; কেন্দ্র জানিয়েছে তারা বিষয়টি বিবেচনা করবে।"












Click it and Unblock the Notifications