BGBS 2025-Mamata Banerjee: 'বাংলায় বিনিয়োগ নিয়ে সবার আগ্রহ', সৌরভকে পাশে নিয়ে বড় বার্তা মমতার
BGBS 2025-Mamata Banerjee: বছর ঘুরলেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর তার আগেই সম্মেলনের ঢাকে কাঠি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার আলিপুরের 'সৌজন্য' অডিটরিয়ামে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025' নিয়ে একটি প্রস্তুতি বৈঠক ছিল। যেখানে দেশের একাধিক শিল্পপতি, বিভিন্ন দেশের কনসাল জেনারেল এবং বিভিন্ন চেম্বার্সদের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এমনকি বাংলার 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন । তবে তিনি বাংলায় বিপুল বিনিয়োগ করছেন। ফলে একজন শিল্পোদ্যোগী হিসাবে সৌরভ এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে সেই বৈঠক চলে। পরে বৈঠকের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (BGBS 2025-Mamata Banerjee) ।

আর তা পোস্ট করে তিনি লিখছেন, ''আসন্ন 'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025' - এর আয়োজন উপলক্ষ্যে আজ আমাদের 'সৌজন্য' সভাগৃহে দেশের বিশিষ্ট শিল্পপতিগণ, বিভিন্ন চেম্বার্সের কর্ণধারগণ এবং কলকাতায় উপস্থিত বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদের সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হল। বাংলায় বিনিয়োগ নিয়ে সবার আগ্রহ দেখে আমি মুগ্ধ। বিনোদন ও ক্রীড়াজগতের গুণী মানুষরাও এই আলোচনায় যোগ দিয়েছিলেন। ফলে বাংলার নিজস্ব 'ক্রিয়েটিভ ইকনমি' নিয়েও ইতিবাচক কথা হল''।
রাজ্যে পালাবদলের পর থেকেই দেশ সহ গোটা বিশ্বের সামনে বাংলাই শিল্পের ডেস্টিনেশন এই বার্তা তুলে ধরতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই প্রত্যেক বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয় বাংলায়। যেখানে দেশ-বিদেশের একাধিক শিল্পপতি এবং কুটনীতিক সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকেন। গতবার রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি-গৌতম আদানির মতো শিল্পপতিরাও উপস্থিত থেকেছেন। যদিও এবার তাঁরা থাকবেন কিনা স্পষ্ট নয়।
তবে সম্মেলন যাতে সফল হয় সেজন্য ময়দানে নেমে পড়েছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোং'। এদিন একদিকে দিল্লিতে অমিত মিত্ররা বৈঠক সারলেন অন্যদিকে কলকাতায় এই সম্মেলনের সূচনা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শিল্পপতি সঞ্জীব গোয়েংকা, হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরী, উমেশ চৌধুরীর মতো একাধিক শিল্পপতিরাও উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে উপস্থিত সমস্ত অতিথিদের সামনে শিল্পবান্ধব পরিবেশ বাংলায় কতটা তা তুলে ধরা হয়।
পাশাপাশি সৌরভও বক্তব্য রেখেছেন বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, মাদ্রিদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন 'দাদা'। সেখান থেকে বাংলায় তাঁর তৃতীয় ইস্পাত কারখানার তৈরির বিষয়ে ঘোষণা করেন। এদিন সেই বিষয়টি সৌরভ গঙ্গোপাধ্যায় তুলে ধরেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ এবং ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন।












Click it and Unblock the Notifications