এবার ৫০ বছরেই পাওয়া যাবে Old Age পেনশন! প্রস্তুতি নিয়েছে সরকার
বয়স্কদের বিশেষ করে যাঁদের বয়স ৬০ বছরের বেশি, তাঁদের জন্য বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প রয়েছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা ও ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। এগুলি অবশ্যই কন্ট্রিবিউটরি। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা কন্ট্রিবিউটরি পেনশনে যোগ দিতে অক্ষম। তাঁদেরকে সরকার নির্ধারিত সামান্য টাকার নিয়েই দিন গুজরান করতে হয়।
সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রতিবেশী ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস নেতৃত্বাধীন হেমন্ত সোরেনের সরকার রাজ্যবাসীকে সুসংবাদ দেওয়ার পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার শীঘ্রই ৫০ বছরে পৌঁছে যাওয়া লোকেদের বার্ধক্য পেনশন দেওয়ার পরিকল্পনা করেছে।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১.৩০ লক্ষ টাকা পাওয়া যেত। কিন্তু এখন এই স্কিমে দু-লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। ঝাড়খণ্ডে তোমার স্কিম, তোমার সরকার, তোমার দুয়ারে কর্মসূচি শিবির থেকে প্রায় ৩০ লক্ষ আবেদনপত্র পাওয়া গিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, যাই কেনা হোক না কেন, তার ওপরে কর রয়েছে। ট্যাক্সের টাকা শুধু কেন্দ্রীয় সরকারের কাছে যায়। রাজ্যের গরিব মানুষ অন্ধকারেই রয়ে যান। রাজ্যের মানুষ বার্ধক্য ভাতা পান না, বহু মানুষ মারাও যান। তারপর ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু করেন। কিন্তু ঝাড়খণ্ডে এখন ৫০ বছর বয়সেই বার্ধক্য পেনশন দেওয়ার কাজ শুরু করা হবে। হেমন্ত সোরেন বলেছেন, প্রতিবেশী বিহার, ওড়িশা, ছত্তিশগড় প্রবীণ নাগরিকদের মাসিক ২৫০ থেকে ৩০০ টাকা পেনশন .দিচ্ছে। কিন্তু ঝাড়খণ্ড সরকার দিচ্ছে হাজার টাকা করে।
তিনি আরও বলেছেন, বিহার থেকে ঝাড়খণ্ড বিচ্ছিন্ন হওয়ার পরে অনেক উন্নয়ন হয়েছে। সবাই সেকথা জানে বলেও দাবি করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন পুঁজিপতিদের কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে। তিনি বলেছেন, সরকার আপকি যোজনা-আপকি সরকার-আপকি অধিকার-আপকি দ্বার কর্মসূচির অধীনে শিবিরের আয়োজন করেছিল। সেখানে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার বেসরকারি সংস্থাগুলিতে কর্মসংস্থান দেওয়ার কাজ করেছে। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার সব সরকারি প্রতিষ্ঠান পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিয়েছে। তিনি বলেছেন, সরকার সবাইকে চাকরি দিতে পারে না, তাই ব্যবসা ও কর্মসংস্থানের পরিকল্পনা করেছে। তিনি বলেছেন, কেউ একটা গাড়ি কিনে তা ভাড়ায় চালাতে পারেন। রাজ্যে মুরগি পালনের পাশাপাশি গরু-ছাগলের যত্ন নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন।
উল্লেখ করা যেতে পারে বর্তমানে ঝাড়খণ্ডে সরকারি পেনশন স্কিম আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য দেওয়া হয়। এই স্কিমের অধীনে ৬০ বছরের বেশি বয়সী, বিধবা কিংবা প্রতিবন্ধী এবং আদিবাসী সম্প্রদায়ের লোকেরা সুবিধা পেয়ে থাকেন। প্রতি মাসে সেখানে বহাজার টাকা করে দেওয়া হয়। বিধবাদের জন্য বয়স ১৮ বছরের বেশি হতে হয়। পেনশন পাওয়ার ক্ষেত্রে অভাবীদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং তা সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পরে যোগ্য সুবিধাভোগীদের সুবিধা দেওয়া হয়।












Click it and Unblock the Notifications