ট্রেনে তোয়ালে-কম্বল চুরিতে বিপাকে রেল! পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিকল্পনা, চুরির শাস্তি কি আদৌ আছে?
ভারতীয় রেলে এসি কোচে ভ্রমণের সময় যাত্রীদের বিছানার চাদর, বালিশ, কম্বল ও তোয়ালে দিয়ে থাকে। এগুলো ব্যবহারের পর তা যাত্রীকে ট্রেনে নির্দিষ্ট আসনেই ছেড়ে যেতে হয়। কিন্তু তা হচ্ছে না। অনেক যাত্রী ট্রেন থেকে নামার সময় বিছানার চাদর, বালিশ, কম্বল ও তোয়ালে ব্যাগে করে নিয়ে নেমে যাচ্ছেন। যে কারণে রেলের ক্ষতি বাড়ছে।
গত কয়েক বছরে ট্রেন থেকে বিছানার চাদর, বালিশ, কম্বল ও তোয়ালে চুরির ঘটনা বেড়েছে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, এক বছর আগে বিলাসপুর জোনের ট্রেনে প্রায় ৫৬ লক্ষ টাকার পণ্য চুরি হয়েছিল।

দিন কয়েক আগে এক যাত্রী রাজধানী এক্সপ্রেসের এসি কোচ থেকে তোয়ালে চুরি করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও করেন অ্যাটেন্ডেন্ট। তারপর তিনি সেটা দেখান ঊর্ধ্বতন আধিকারিকদের। এই তথ্য সামনে আসার পরে রেল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা জারি করেছে। তবে সতর্কতার পরেও অনেক যাত্রীর ভয় বলে কিছু নেই।
সচেতনতা প্রচার
এদিকে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় পশ্চিম রেলের তরফে এসি কোচগুলিতে সচেতনতা প্রচার শুরুর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম রেলের আশা, সচেতনতা প্রচারে এই ধরনের ঘটনা কিছুটা কমানো যাবে।
যাত্রীর বাগে পাঁচটি তোয়ালে
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১২৯৫২ দিল্লি-মুম্বই রকাজধানী এক্সপ্রেসের এসি সেকেন্ড কোচে ভ্রমণকারী এক মহিলা ব্যাগে তোয়ালে রেখেছিলেন। অ্যাটেন্ডেন্টের সন্দেহ হওয়ায় ব্যাগ তল্লাশি করে পাঁচটি তোয়ালে পাওয়া যায়।
বাড়ছে চুরির ঘটনা
রেল সূত্রে দাবি করা হয়েছে, গত ১৫ দিনে পশ্চিম রেলের বিভিন্ন ট্রেন থেকে ৫০০-র বেশি তোয়ালে চুরি গিয়েছে। রেলের তরপে করা সচেতনতা প্রচারে বারে বারে বলা হচ্ছে তোয়ালে কিংবা কম্বল বাড়ি নিয়ে যাবেন না। ট্রেনেই রেখে যাবেন। পাশাপাশি অ্যাটেন্ডেন্টরাও তোয়ালে-কম্বল গণনা শুরু করেছেন। সেখানে যদি কোনও জিনিস কম পাওয়া যায়, তাহলে তা যাত্রীদের জানানো হচ্ছে।
চুরির শাস্তি কী?
যে কোনও সরকারি পণ্য চুরি আইনত অবরাধ। ফলে রেলের জিনিস চুরিও অপরাধ। রেলের জন্য আলাদা আইন রয়েছে। যদি কেউ রেলের জিনিস চুরি করতে গিয়ে কিংবা রেলের সম্পত্তির ক্ষতি করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে রেলের সম্পত্তি আইন ১৯৬৬-এর অধীনে ব্যবস্থা নেওয়ার উপায় রয়েছে।
ফলে রেলের জিনিস চুরিতে জেল কিংবা জরিমানা কিংবা উভয়ের বিধান রয়েছে। যেখানে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল।












Click it and Unblock the Notifications