আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বিনিয়োগে সীমা কি শেষ? এর বাইরে কর বাঁচানোর কয়েকটি উপায় একনজরে
Income Tax Saving: ২০২৩-২৪ আর্থিক বছর শেষ হতে চলেছে। এখনই অনেক কর দাতা কর কমাতে উপায় খুঁজছেন। দেশের আয়কর আইনে করযোগ্য আয় কমাতে বিভিন্ন উপায় রয়েছে। সাধারণভাবে অধিকাংশ মানুষ ৮০ সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকার ছাড় সম্পর্কে সচেতন। এর বাইরে কর বাঁচানোর সুযোগ থাকলেও অনেকেই অবহেলা করে এবং কর দিতে বাধ্য হই।
তবে বলে রাখা প্রয়োজন, তাঁরাই এই সুবিধা নিতে পারবেন, যাঁরা এখনও পুরনো ট্যাক্স ব্যবস্থা অনুসরণ করছেন। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই পরিকল্পনা করতে হবে।

৮০ ডি
এই ধারার অধীনে রয়েছে চিকিৎসা বিমা। করদাতার বয়স ও প্রকারের ওপরে নির্ভর করে কর ছাড়ের সীমা ২৫ হাজার, ৫০ হাজার, ৭৫ হাজার এবং একলক্ষ টাকা হতে পারে।
৮০ডিডি
বাড়িতে করদাতার ওপর নির্ভরশীল প্রতিবন্ধী যদি কেউ থাকেন, তাদের জন্য কর ছাড় পাওয়া যেতে পারে। অক্ষমতা ৪০-৮০ শতাংশ হলে কর ছাড়ের সীমা ৭৫ হাজার টাকা। আর ৮০ শতাংশের বেশি প্রতিবন্ধকতা থাকলে কর ছাড়ের সীমা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
৮০ডিডিবি
করদাতারা যদি নিজের কিংবা তাঁর ওপরে নির্ভরশীল কারও নির্দিষ্ট কোনও রোগের চিকিৎসার ব্যয় বহন করেন, তাহলে কর ছাড়ের দাবি করতে পারেন। এই ছাড়ের সীমা ৪০ হাজার টাকা। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সীমা এক লক্ষ টাকার বেশি হতে পারে।
৮০ সিসিডি
৮০ সিসিডির অধীনে রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস। এর অধীনে ৮০সির দেড় লক্ষ টাকার বাইরেও ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
৮০ ই
এই ধারার অধীনে রয়েছে শিক্ষা ঋণের সুদ। কোনও করদাতা যদি নিজের, স্ত্রী, সন্তানের জন্য শিক্ষা ঋণ নেন, তাহলে সেখানে যে সুদ দিতে হবে, তা কর ছাড় যোগ্য। এখানে কোনও ঊর্ধসীমা নেই। তবে বেশ কিছু শর্ত রয়েছে।
৮০ ইই
আয়কর আইনের এই ধারা প্রথমবারের জন্য হোম লোন নেওয়া ব্যক্তিদের কর ছাড় প্রদান করে থাকে। হোমলোনের সুদে কর ছাড় সর্বাধিক দুই লক্ষ টাকা পর্যন্ত।
৮০ জি
এই ধারার অধীনে করদাতারা স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থায় টাকা দান করতে পারেন। এর ওপরে কর ছাড় রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে কেটে নেওয়া অনুদানের ক্ষেত্রে কোনও বার্ষিক কোনও ঊর্ধ্বসীমা না থাকলেও নগদে দানের ক্ষেত্রে সীমা মাত্র দুই হাজার টাকা।
৮০ জিজি
এক্ষেত্রে করদাতা যদি কোনও ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সেই ভাড়ার ওপরে কর ছাড় পেতে পারেন। যদি নিজের নামে কোনও থাকার জায়গা না থাকে এবং নিয়োগ কর্তার কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ কোনও অর্থ না পান, তাহলে সেই সুবিধা পেতে পারেন। তবে এর সীমার ক্ষেত্রে শর্ত রয়েছে।
৮০ জিজিএ
এক্ষেত্রে কোনও করদাতা বিজ্ঞান অনুসন্ধান ও গ্রামীন উন্নয়নের সঙ্গে যুক্ত স্বীকৃত সংস্থা বা গোষ্ঠীকে অনুদান দিতে পারেন। এর সীমা হল দশ হাজার টাকা বা পুরো পরিমাণ যেটা কম হবে।
৮০ জিজিবি
রাজনৈতিক দল কিংবা নির্বাচনী ট্রাস্টে অনুদান কর ছাড়যোগ্য। এর কোনও ঊর্ধ্বসীমা নেই।












Click it and Unblock the Notifications