দান করার অনেক সুবিধা রয়েছে! আয়কর আইনের ৮০জি ধারা কোনও ভাবেই মিস করা যাবে না
বাংলায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। সেই সময় অনেকেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কিংবা ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের ত্রাণ তহবিলে দান করেছেন। হাজার টাকা থেকে লক্ষ টাকা পর্যন্তও দান করেছেন অনেকে। দেশের আয়কর আইনের ৮০ জি ধারা এমন একটি ধারা যেখানে দানের ওপরে আয়কর ছাড়ের কথা বলা হয়েছে।
আয়কর আইনের ৮০ জি ধারা সরকার স্বীকৃত দাতব্য সংস্থা, ভূমিকম্পের জন্য গঠিত তহবিল, ত্রাণ তহবিল এবং মন্দির ট্রাস্টগুলিকে দেওয়া টাকার ওপরে ছাড় দিয়ে থাকে। এক্ষেত্রে আবার কিছু বিধিনিষেধও রয়েছে।

কোনও ব্যক্তি, অবিভক্ত হিন্দু পরিবার কিংবা কোম্পানি কর ছাড় দাবি করতে পারে। দাতব্য সংস্থা বা অন্য কোনও সংস্থাকে যদি কেউ কিংবা কোনও সংস্থা সাহায্য করেন, তাহলে পুরো পরিমাণটি কর ছাড় হিসেবে দাবি করা যেতে পারে। এই সাহায্য ডিজিটাল কিংবা নগদে হতে হবে। চাল, ডাল, কাপড়ের আকারে হলে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। শুধুমাত্র ৮০জি তালিকাভুক্ত সংস্থা কিংবা তহবিলে দান করা টাকায় কর ছাড় পাওয়া যাবে।
যদি কোনও দান চেক, ড্রাফ্ট কিংবা ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে হয়, তাহলে সেখানে সম্পূর্ণ কর ছাড় দাবি করা যেতে পারে। দুই হাজার টাকা পর্যন্ত নগদে আর্থিক সহায়তার ক্ষেত্রে কর ছাড় পাওয়া যায়। অন্যদিকে সে সংস্থায় দান করা হচ্ছে, তাদেরকে রসিদ দিতে হবে। সেখানে সেই সংস্থার নাম, ঠিকানা, প্যান নম্বর, কোম্পানির নথিভুক্তির নম্বর থাকতে হবে।
যদি কেউ কোনও দাতব্য সংস্থায় দান করেন, তাহলে সেই প্রতিষ্ঠান থেকে ফর্ম 10PE পাওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাতীয় শিশু তহবিল, জাতীয় ক্রীড়া তহবিলের মতো নির্দিষ্ট তহবিলে দানে ১০০ শতাংশ ছাড় পাওয়া যায়। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করা দানে ৫০ শতাংশ কর ছাড় পাওয়া যায়। মন্দির ট্রাস্টে কেউ তাঁর আয়ের ১০ শতাংশ পর্যন্ত দান করতে পারেন।
অন্যদিকে ঝড়, ভূমিকম্প ইত্যাদির জন্য রাজ্য সরকার যে তহবিল তৈরি করে, সেইসব ক্ষেত্রে সীমিত সময়ের জন্য ১০০ শতাংশ কর ছাড় পাওয়া যায়। তবে টাকা দান করার আগে, সেটি সরকারি অনুমোদিত কিনা কিংবা কত শতাংশ কর ছাড় পাওয়া যায়, তার খোঁজ খবর করা জরুরি। এব্যাপারে আয়কর বিভাগের ওয়েবসাইটের ওপরে নজর রাখা দরকার। কারণ সরকার সময়ে সময়ে কর ছাড়ের শর্তগুলি সংশোধন করে।












Click it and Unblock the Notifications