২২তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের জন্য আসতে পারে সুখবর
ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আজ বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে জিএসটি কাউন্সিল,অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে ২২তম জিএসটি কাউন্সিলের বৈঠক বসতে চলেছে
ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আজ বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে জিএসটি কাউন্সিল। এদিনই অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে ২২তম জিএসটি কাউন্সিলের বৈঠক বসতে চলেছে। ব্যবসায়ীদের মাসের তিনটি করে রিটার্ন জমা দেওয়ার নিয়মও শিথিল করা হতে পারে এই বৈঠকে।

ব্যবসায় বার্ষিক টার্ন ওভারের ভিত্তিতেই এবার মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াও চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশজুড় পণ্য ও পরিষেবা কর চালু হওয়ার পর সব ব্যবসায়ীকে মাসে তিনটি করে রিটার্ন জমা দিতে হচ্ছিল। এতে বেশ সমস্যাতেই পড়ছিলেন ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আয়কর সংক্রান্ত সমস্যার জন্য গঠিত প্যানেলের প্রধান সুশীল মোদী জানিয়েছেন, দেড় কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার থাকলে মাসে মাসে রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই।
অপরদিকে জিএসটি স্ল্যাব নিয়ে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। জিএসটিতে এতগুলি স্ল্যাব রাখার পক্ষে নন অর্থনীতিবিদরাও। ইতিমধ্যেই একবার জিএসটির স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে। এতগুলি করের হার থাকলেও আগামী দিনে ঘন ঘন স্ল্যাব পরিবর্তন করতে হতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। ফলে এদিনের বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে জিএসটি রিফান্ড নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে । কারণ জুলাই- অগাস্টে ব্যবসায়ীদের দেওয়া জিএসটি- হিসেবের ৬০ শতাংশের বেশিই তাঁরা রিফান্ড চেয়েছেন বলে সূত্রের খবর। এই নিয়েও একটি বিশেষ প্যাকেজের ঘোষণা করা হতে পারে বলে অর্থমন্ত্রক সূত্রের খবর। অবশ্য এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।












Click it and Unblock the Notifications