'পুরো পিএনবি দুর্নীতি হয়েছে ২০১৭ সালেই', সিবিআই চার্জশিটে বেকায়দায় কেন্দ্র
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে ২০১৭-১৮ অর্থবর্ষেই। সিবিআই তাদের চার্জশিটে এই তথ্যই তুলে ধরেছে। যা সামনে আসার পর বেশ অস্বস্তিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে ২০১৭-১৮ অর্থবর্ষেই। সিবিআই তাদের চার্জশিটে এই তথ্যই তুলে ধরেছে। যা সামনে আসার পর বেশ অস্বস্তিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিজেপি মন্ত্রী থেকে শুরু করে নেতারা গোটা ঘটনা ইউপি আমলে হয়েছে বলে প্রচার সারছিলেন। সিবিআইয়ের চার্জশিটের বয়ান সেই দাবির তাল কাটল।

বলা হচ্ছে, যদি ২০১১ সাল থেকে এই কেলেঙ্কারি চলত তাহলে তা ১১,৩০০ কোটি টাকা না হয়ে আরও বেশি হতো। ইতিমধ্যে পিএনবি-র চার আধিকারিককে জেরা করা হয়েছে। তারা সেইসময়ে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন।
সিবিআই এখনও পর্যন্ত জেরা করেছে নরিম্যান পয়েন্ট শাখার চিফ ম্যানেজার বেচু তিওয়ারিকে, ব্র্যাডি হাউস শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমারকে, অডিটর মোহিন্দর কুমার শর্মাকে ও সিঙ্গল উইন্ডো অপারেটর মনোজ কারাটকে। এরা সকলেই ২০১৪ সালের শেষ থেকে ২০১৭ পর্যন্ত কাজ করেছেন।
এদের মধ্যে মনোজ কারাট ও গোকুলনাথ শেট্টিকে অভিযুক্ত হিসাবে চার্জশিটে দেখিয়েছে সিবিআই। পিএনবি মামলায় দুটি এফআইআর করেছে সিবিআই। গীতাঞ্জলি গ্রুপ অব কোম্পানির ২৬টি শাখায় তল্লাশি চালানো হয়েছে। তার মধ্যে রয়েছে ফ্যাক্টরি, প্লান্ট, অফিস ও শোরুম।
মুম্বই, পুনে, সুরাট, জয়পুর, কোয়েম্বাটুর, হায়দরাবাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের দুর্গাপুরেও সিবিআই হানা দিয়েছে গীতাঞ্জলির শো-রুমে।
পিএনবির অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর হয়েছে ৩১ জানুয়ারি। ও অন্যটি হয়েছে ১৩ ফেব্রুয়ারি। মোট ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ১১, ৩০০ কোটি টাকা। চার্জশিটে বলা হয়েছে, চোকসি ১৪৩টি লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং ব্যবহার করে ৩০৩১ কোটি টাকা তুলেছেন ও ২২৪টি ফরেন লেটার্স অফ ক্রেডিট ব্যবহার করে ১৭৯৮ কোটি টাকা বিদেশের ব্যাঙ্ক থেকে তুলে জালিয়াতি করেছেন। এই লেটার অব আন্ডারস্ট্যান্ডিং আগের এফআইআরে বলা ১৫০টি এলওইউ-এর থেকে আলাদা।
সিবিআই সূত্র মনে করছে, পিএনবি মাত্র দুজন কর্মীর নাম বললেও গোটা ঘটনার পিছনে ব্যাঙ্কের আরও কর্মীরা জড়িয়ে রয়েছে। তাদের খোঁজেই সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications