দুই বছরে সর্বোচ্চ সীমায় পৌঁছল ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম, সবক্ষেত্রে মূল্যবৃদ্ধির আশঙ্কা
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬৪ ডলার হয়ে গিয়েছে। গত আড়াই বছরে যা সর্বোচ্চ।
পেট্রোল ও ডিজেলের দাম এদিন ১০-১২ পয়সা বেড়ে গিয়েছে ভারতের মেট্রো শহরগুলিতে। এদিন সকাল ৬টা থেকে দাম বেড়েছে। যার ফলে দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৬৯.৮০ টাকা, কলকাতায় ৭২.৫৫ টাকা, মুম্বইয়ে ৭৬.৯ টাকা ও চেন্নাইয়ে ৭২.৩৫ টাকা হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল সূত্রে জানানো হয়েছে।

একইসঙ্গে ডিজেলের দামেও পরিবর্তন হয়েছে। দাম বেড়ে দিল্লিতে ডিজেল লিটার প্রতি হয়েছে ৫৮.২৬ টাকা, কলকাতায় ৬০.৯২ টাকা, মুম্বইয়ে ৬০.৮৯ টাকা ও চেন্নাইয়ে ৬১.৩৬ টাকা।
এই মাসে ইতিমধ্যে পেট্রোলের দাম ৬৫-৭১ পয়সা বেড়ে গিয়েছে। ডিজেলের দামও ৫৬-৬০ পয়সা বেড়ে গিয়েছে। এদিকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬৪ ডলার হয়ে গিয়েছে। গত আড়াই বছরে যা সর্বোচ্চ।
ভারতের মতো বাজার চলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে। যার অর্থ এদেশে তেল অর্থনীতির অন্যতম বড় অনুঘটক। ব্যারেলের দাম বেড়ে যাওয়া মানেই তা ভারতীয় অর্থনীতির পক্ষে সুখবর নয়। মুদ্রাস্ফীতি থেকে শুরু করে স্টক মার্কেট, সমস্ত জায়গায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কেন্দ্র সরকার এই অবস্থা কীভাবে সামাল দেয় সেটাই এখন দেখার।
পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়লে আমদানি ক্ষেত্রে ভারতকে প্রতি ১ টাকা কমার উপর ভিত্তি করে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি করে চোকাতে হয়। ফলে টাকার দাম ডলারের সাপেক্ষে পড়লে সেটাও আর্থিক ঘাটতি তৈরি করবে বলে মত বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications