CRCS-Sahara Refund Portal: সাহারায় লগ্নিকারীরা কীভাবে রিফান্ড পোর্টালে আবেদন করলে কত টাকা ফেরত পাবেন?
CRCS-Sahara Refund Portal: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী আজ চালু করলেন সিআরসিএস-সাহারা রিফান্ড পোর্টাল। সাহারা গ্রুপের বিভিন্ন সংস্থায় টাকা গচ্ছিত রেখেছেন এমন ১০ কোটি লগ্নিকারী এই পোর্টালের দ্বারা উপকৃত হবেন।
অমিত শাহ এদিন বলেন, সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটিতে যাঁরা টাকা রেখেছিলেন তাঁদের টাকা ফেরানোর লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হলো।

সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে টাকা যাঁরা রেখেছিলেন তাঁরা উপযুক্ত নথি দিয়ে আবেদন করলে টাকা ফেরত পাবেন।
৯ মাসের মধ্যে আবেদনকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শেষ করা হবে বলেও সমবায় মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট থেকে সেন্ট্রাল রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজের অ্যাকাউন্টে ৫ হাজার কোটি টাকা ট্রান্সফার করার নির্দেশ গত ২৯ মার্চ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই কেন্দ্রের এই নয়া পদক্ষেপ।

সমবায় মন্ত্রকের ওয়েবসাইটে (https://cooperation.gov.in) গেলেই সাহারা রিফান্ড পোর্টালে আবেদন করতে পারবেন লগ্নিকারীরা। অনলাইনেই আবেদনের ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফলে আধার-লিঙ্ক করা মোবাইল নম্বরের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে।
আবেদন করার ৩০ দিনের মধ্যে সাহারা গ্রুপ অব কো-অপারেটিভ সোসাইটিজ তথ্য যাচাই করে দেখবে। সেই তথ্য যাচাই প্রক্রিয়া শেষের ১৫ দিনের মধ্যেই আবেদনকারীর কাছে টেক্সট মেসেজ পাঠিয়ে অথবা পোর্টালেই জানানো হবে ক্লেইম স্টেটাস, অর্থাৎ আবেদনের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে বা কতটা অগ্রসর হয়েছে প্রক্রিয়া।

ফলে ক্লেইম প্রসেসিংয়ের প্রক্রিয়ার জন্য লাগবে দেড় মাস। চারটি সোসাইটিতে বিনিয়োগের নথি একটি আবেদনের ফর্মেই আপলোড করতে হবে। অনলাইনে ফর্ম পূরণের জন্য কোনও অর্থ খরচ করতে হবে না। অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে টাকা ফেরত পাওয়ার জন্য।
তবে প্রথম ধাপে মাত্র ১০ হাজার টাকাই পাবেন কোনও লগ্নিকারী। প্রাথমিক পর্যায়ে ৫০০০ কোটি টাকা সমানভাবে বণ্টন করা হবে ১০ কোটি আবেদনকারীর মধ্যে।












Click it and Unblock the Notifications