মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্পে ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে অভিযান! বছরে ১৮ হাজার কোটি সাশ্রয়
কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে বড় অভিযান শুরু করেছে। সরকারের আশা এই পদক্ষেপের মাধ্যমে চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৩-২৪ সালে ১৮ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।
রাজ্যগুলির সঙ্গে সহযোগিতায় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধাভোগীদের জন্য একটি যাচাইকরণ অভিযান চালাচ্ছে। এই অভিযানের সময় ভুয়ো সুবিধাভোগীদের নাম ব্লক করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

কৃষকদের সস্তায় সার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সুবিধাভোগীদের ভর্তুকি দিয়ে থাকে। এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে তিন কিস্তিতে ছোট কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয়।
এমএনআরইজিএ-র অধীনে গ্রামীণ এলাকায় শ্রমিকদের ১০০ দিনের কাজের বিধান রয়েছে।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সহযোগিতায় ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে। এই অভিযানে ইতিমধ্যেই কল্যাণমূলক প্রকল্পে সুবিধাগ্রহণকারী ব্যাপক সংখ্যক ভুয়ো সুবিধাভোগীকে সনাক্ত করা হয়েছে এবং তাদের নাম ব্লক করা হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে, বেশিরভাগ ভুয়ো সুবিধাভোগীদের নাম ডেটাবেস থেকে মুছে ফেলা হয়েছে। কৃষিমন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০২১-২২ আর্থিক বছরে ১০.৪ কোটি কৃষককে প্রধানমন্ত্রী কৃষাণ কল্যাণ যোজনার সুবিধা দেওয়া হয়েছিল। যার সংখ্যা ২০২২-২৩ সালে কমে ৪ কোটিতে দাঁড়িয়েছে।
২০২১-২২ সালে সরকার প্রধানমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনার অধীনে কৃষ্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬৭,০৩১ কোটি টাকা স্থানান্তর করেছিল। ২০২২-২৩ সালে তা ৫৭, ৬৫৬ কোটি টাকায় নেমে গিয়েছে। যার অর্থ প্রায় ২.৪০ কোটি মানুষ সরকারি ডেটাবেস থেকে বাদ পড়েছেন, যাঁরা ভুল তথ্য দিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছিলেন।
অন্যদিকে, এমএনআরইজিএ-এর অধীনে ৩৩ লক্ষ জাল জব কার্ডের ডেটা মুছে ফেলা হয়েছে। এরা উপযুক্ত না হলেও এই স্কিমের সুবিধা নিচ্ছিল। এক্ষেত্রে সরকারের ৪ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। সরকার চলতি আর্থিক বছরে এই প্রকল্পের জন্য ৪০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।
সরকারি তরফে দাবি করা হয়েছে, ২০১৭-১৮ সাল থেকে ২০২১-২২ সাল পর্যন্ত, সরকার ডিবিটির মাধ্যমে ভুয়ো ও জাল সুবিধাভোগীদের চিহ্নিত করে ২.১৬ লক্ষ কোটি টাকা বাঁচাতে সফল হয়েছে।












Click it and Unblock the Notifications