বাজেট ২০২৬: ১ এপ্রিল থেকে কার্যকর নতুন আয়কর আইন, কর ব্যবস্থায় বড় সরলীকরণ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট ২০২৬ পেশ করে ঘোষণা করলেন, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন, ২০২৫। ছয় দশকের পুরনো আয়কর আইনকে সরিয়ে এই নতুন আইন করব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও নাগরিক বান্ধব করে তুলবে বলে জানান তিনি।
বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, বিদেশ ভ্রমণ প্যাকেজ বিক্রির ক্ষেত্রে টিসিএস হার কমিয়ে ২ শতাংশ করা হবে। এতদিন যেখানে এই হার ছিল ৫ ও ২০ শতাংশ। পাশাপাশি, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনাল (এমএসিটি) থেকে প্রাপ্ত সুদের উপর আর আয়কর দিতে হবে না, ও এই ক্ষেত্রে টিডিএসও সম্পূর্ণ তুলে দেওয়া হবে।

ছোট করদাতাদের স্বস্তি দিতে 2027 অর্থবর্ষ থেকে নিয়মভিত্তিক স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালুর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। আইটিআর ১ ও আইটিআর ২ জমা দেওয়া যাবে ৩১ জুলাই পর্যন্ত, নন অডিট ব্যবসা ও ট্রাস্টগুলির ক্ষেত্রে সময়সীমা ৩১ অগাস্ট। এছাড়া, ৩১ মার্চ পর্যন্ত নামমাত্র ফি দিয়ে সংশোধিত আইটিআর জমা দেওয়ার সুযোগ মিলবে।
নতুন আইনে ছোটখাটো অপরাধে কেবল জরিমানার ব্যবস্থা থাকবে, কঠোর শাস্তি নয়। পাশাপাশি, ২০ লক্ষ টাকার কম মূল্যের অস্থাবর নয় এমন বিদেশি সম্পদের তথ্য না জানালে আর শাস্তি বা মামলা হবে না, করদাতাদের দেওয়া হবে মামলা থেকে সুরক্ষা।
অর্থমন্ত্রী জানান, নতুন আয়কর আইনটি রেভিনিউ নিউট্রাল, অর্থাৎ করের হারে কোনও পরিবর্তন হয়নি। তবে আইনের ভাষা ও কাঠামো সহজ করে ধারা ও লেখার পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে, ফলে মামলা মোকদ্দমার সুযোগও কমবে। 'অ্যাসেসমেন্ট ইয়ার' ও 'পূর্ববর্তী বছর' এর জটিলতা তুলে দিয়ে চালু হচ্ছে একটাই 'ট্যাক্স ইয়ার' ব্যবস্থা। সময় পেরিয়েও আইটিআর জমা দিলে টিডিএস রিফান্ড পাওয়া যাবে, কোনও অতিরিক্ত জরিমানা ছাড়াই।
ডিজিটাল পরিকাঠামো ও বিনিয়োগ বাড়াতে বাজেটে বড় ঘোষণা, ভারতে ডেটা সেন্টার ব্যবহার করে বিশ্বব্যাপী ক্লাউড পরিষেবা দেওয়া বিদেশি সংস্থাগুলিকে ২০৪৭ সাল পর্যন্ত করছাড় দেওয়া হবে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে। এর মাধ্যমে দেশে ডেটা সেন্টার ও প্রযুক্তি বিনিয়োগ বাড়বে বলে আশা সরকারের।
এছাড়াও, আতিথেয়তা ক্ষেত্রের উন্নয়নে থাকা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্টকে উন্নীত করে গঠিত হবে ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি।
সার্বিকভাবে, বাজেট ২০২৬ এর নতুন আয়কর আইন করদাতাদের জন্য সহজ নিয়ম, কম জটিলতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার বার্তা দিল বলেই মনে করছে অর্থনৈতিক মহল।












Click it and Unblock the Notifications